ঢাকার বাস টার্মিনাল স্থানান্তরে উচ্চপর্যায়ের পরিদর্শন
- আপডেট সময় : ০২:৩২:১৭ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬
- / ১১

রাজধানী ঢাকায় যানজট নিরসন এবং গণপরিবহন ব্যবস্থাকে আধুনিক করার লক্ষ্যে চারটি আন্তঃজেলা বাস টার্মিনাল স্থানান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে। বুধবার (১ জুলাই) বিকেল ৩টায় সরকারের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল সম্ভাব্য বাস টার্মিনাল ও অস্থায়ী বাস ডিপোর স্থান পরিদর্শন করে।
প্রধানমন্ত্রী তারেক রহমান গত ১৫ জুন সচিবালয়ে অনুষ্ঠিত এক সভায় দ্রুত বাস টার্মিনাল স্থানান্তরের নির্দেশ দেন। পরিদর্শনে অংশ নেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, স্বরাষ্ট্র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আনিসুর রহমান, রাজউকের চেয়ারম্যান প্রকৌশলী মো. রিয়াজুল ইসলাম, ঢাকা মহানগর পুলিশ কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ, ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভিন, এবং অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তারা।
পরিদর্শনের সময় পূর্বাচল ১৯ নম্বর সেক্টর, দিয়াবাড়ি, গাবতলী বাস টার্মিনাল-সংলগ্ন চুনকুটিয়া, জেলখানার বিপরীতে বাঘাইর-তেঘরিয়া আন্ডারপাস এলাকা, হাসনাবাদ (ইকুরিয়া), কাঁচপুর এবং ফুলবাড়িয়া এলাকা পরিদর্শন করা হয়।
সংশ্লিষ্টদের মতে, উপযুক্ত স্থান নির্বাচন করে ধাপে ধাপে বাস টার্মিনাল স্থানান্তরের কার্যক্রম বাস্তবায়ন করা হবে। এর মাধ্যমে রাজধানীর যানজট কমানো এবং আন্তঃজেলা বাস চলাচলকে সুশৃঙ্খল করার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে।


























