কুমিল্লার মুরাদনগর থেকে নতুন বাঙ্গরা উপজেলা গঠিত
- আপডেট সময় : ০৬:১৮:১৬ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬
- / ১১

কুমিল্লার মুরাদনগর উপজেলা থেকে দশটি ইউনিয়ন নিয়ে নতুন বাঙ্গরা উপজেলা গঠন করা হয়েছে। এই সিদ্ধান্তের ফলে স্থানীয় জনগণের দীর্ঘদিনের দাবি পূরণ হলো। বুধবার বেলা ১১টায় প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় এই প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।
নতুন বাঙ্গরা উপজেলার অন্তর্ভুক্ত ইউনিয়নগুলো হলো— শ্রীকাইল, আকুবপুর, আন্দিকোট, পূর্বধইর পূর্ব, পূর্বধইর পশ্চিম, বাঙ্গরা পূর্ব (সদর), বাঙ্গরা পশ্চিম, চাপিতলা, রামচন্দ্রপুর উত্তর ও টনকী। মুরাদনগর উপজেলার ২২টি ইউনিয়নের মধ্যে ১০টি ইউনিয়ন নিয়ে নতুন উপজেলা গঠনের ফলে স্থানীয়দের মধ্যে আনন্দের জোয়ার বয়ে যায়।
স্থানীয়রা জানান, বাঙ্গরাকে উপজেলা করার দাবিটি ছিল তাদের দীর্ঘদিনের। প্রশাসনিক সেবা নিতে প্রায় ২০ কিলোমিটার দূরে মুরাদনগর উপজেলা সদরে যেতে হতো, যা সময়সাপেক্ষ ছিল। নতুন উপজেলা প্রতিষ্ঠার ফলে প্রশাসনিক সেবা দ্রুত ও সহজে পাওয়া যাবে বলে আশা করছেন তারা।
বাঙ্গরা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ জাকির হোসেন বলেন, "বাঙ্গরাকে উপজেলা করা ছিল আমাদের প্রাণের দাবি।" এনসিপি কুমিল্লা উত্তর জেলা আহ্বায়ক গোলাম কিবরিয়া সরকার বলেন, "দলমত নির্বিশেষে সবার আন্তরিক প্রচেষ্টার ফলেই আমরা বাঙ্গরা উপজেলার অনুমোদন পেয়েছি।" নতুন উপজেলা ঘোষণার পর এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
স্থানীয়দের প্রত্যাশা, নতুন উপজেলা প্রতিষ্ঠার মাধ্যমে প্রশাসনিক সেবার পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও অবকাঠামোগত উন্নয়ন আরও ত্বরান্বিত হবে এবং এ অঞ্চলের সার্বিক উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হবে।
























