সিদ্ধিরগঞ্জে পিতা-পুত্রের বিরুদ্ধে ভুয়া দলিল দিয়ে জোরপূর্বক জমি দখলের অভিযোগ
- আপডেট সময় : ০৮:৩১:৪০ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬
- / ১৩০

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ভুয়া ও জাল দলিল তৈরি করে জোরপূর্বক ১০ শতাংশ জমি দখলের চেষ্টা এবং বাধা দিলে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে পিতা-পুত্রসহ কয়েকজনের বিরুদ্ধে।
এ ঘটনায় ভুক্তভোগী রাসেল সিদ্ধিরগঞ্জ থানায় চারজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৩-৪ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনাটি ঘটেছে সিদ্ধিরগঞ্জের নাসিক ১ নম্বর ওয়ার্ডের পাইনাদী নতুন মহল্লা এলাকায়।
অভিযুক্তরা হলেন, সিদ্ধিরগঞ্জের ১ নম্বর ওয়ার্ডের মৃত মনুসর আলীর ছেলে নাজিম উদ্দিন (৮০), তার ছেলে মো. শাহাবুদ্দিন (৪৫), সাইফুল ইসলাম (৪০) ও মো. সৈকত আলী। এছাড়া অজ্ঞাতনামা আরও ৩-৪ জনের বিরুদ্ধে।
অভিযোগে ভুক্তভোগী রাসেল জানান, পাইনাদী নতুন মহল্লা এলাকায় ১০ শতাংশ জমির মালিক তার বাবা। ক্রয় সূত্রে পাওয়া ওই জমির খাজনা-খারিজ সম্পন্ন করে তারা দীর্ঘদিন ধরে ভোগ দখলে রয়েছে। জমিটির সিএস ও এসএ দাগ নম্বর ২০৫ ও ২০৬ এবং আরএস দাগ নম্বর ৪২২ ও ৪২৩।
ভুক্তভোগী রাসেল আরেও বলেন , অভিযুক্তরা বিভিন্ন ভুয়া ও জাল কাগজপত্র তৈরি করে ওই জমির মালিকানা দাবি করছেন এবং জোরপূর্বক সম্পত্তি দখলের চেষ্টা চালিয়ে আসছেন। এ বিষয়ে প্রতিবাদ করলে তাকে ও তার পরিবারের সদস্যদের বিভিন্ন সময় ভয়ভীতি দেখানো ও মারধরসহ প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, জমি নিয়ে বিরোধের বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা একাধিকবার মীমাংসার চেষ্টা করলেও অভিযুক্তদের কারণে তা সম্ভব হয়নি। একই জমি সংক্রান্ত বিষয়ে বিজ্ঞ আদালতে একটি মামলা চলমান রয়েছে, যার মামলা নম্বর ১১৩৬/২২।
অভিযোগে রাসেল আরও বলেন, গত ৩০ সেপ্টেম্বর সন্ধ্যায় তিনি পরিবারের সদস্যদের নিয়ে তাদের দখলীয় জমিতে গেলে অভিযুক্তরা সেখানে এসে তাদের বাধা দেন। এ সময় উভয় পক্ষের মধ্যে তর্ক-বিতর্ক হয়। একপর্যায়ে অভিযুক্তরা মারমুখী আচরণ করলে তার ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসেন। এ সময় অভিযুক্তরা তাদের জোরপূর্বক জমি দখল করার হুমকি দেন এবং বাধা দিলে প্রাণনাশ ও লাশ গুমের ভয় দেখিয়ে চলে যান।
রাসেল বলেন, অভিযুক্তদের এমন হুমকির কারণে তিনি ও তার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে যেকোনো সময় তাদের ওপর হামলা বা গুরুতর ক্ষতির আশঙ্কা রয়েছে।
এ বিষয়ে বিবাদী মো. শাহাবুদ্দিন বলেন, এই সম্পত্তির মালিক আমরা পৈতৃক সূত্রে। এসএ ও আরএস রেকর্ডে আমার দাদার নাম রয়েছে। ১৯৫৮ সাল থেকে আমার দাদা ওই সম্পত্তি ভোগদখল করে আসছি। পরবর্তীতে আমার বাবা এবং আমরা উত্তরাধিকারসূত্রে তা ভোগদখল করে আসছি।
তিনি আরও বলেন, আবুলের সঙ্গে এই জায়গা নিয়ে আমাদের মামলা হয়েছিল। পরে আদালতের রায় ও ডিক্রি আমাদের পক্ষে আসে। হাইকোর্টের রায়ও আমাদের পক্ষে রয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, জমি সংক্রান্ত বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।











