মতলব উত্তরে মাদক-কিশোর গ্যাংবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩, আটক ২১
- আপডেট সময় : ১০:৩০:৫০ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬
- / ৩৪

মতলব (চাঁদপুর) প্রতিনিধি:
চাঁদপুরের মতলব উত্তরে মাদক ও কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযান চালিয়ে তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই অভিযানে ২১ কিশোরকে আটক করে যাচাই-বাছাই শেষে অভিভাবকদের জিম্মায় দেওয়া হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) সন্ধ্যার পর থেকে মতলব উত্তর থানা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। রবিবার (৪ অক্টোবর) সকালে প্রেস রিলিজের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে মতলব উত্তর থানা পুলিশ।
পুলিশ জানায়, গ্রেপ্তার তিনজন হলেন, মো. সবুজ (৩৩), নুরুল ইসলাম ওরফে কৃষ্ণা (৩৫) এবং দেলোয়ার হোসেন ওরফে দেলু (৪৯)। তাদের কাছ থেকে ২০ গ্রাম গাঁজা, ৫৫ পিস ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজা এবং ২২ পিস ইয়াবা ও ৯০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়েছে।
এদিকে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ২১ কিশোরকে থানায় এনে তাদের পরিচয় ও সংশ্লিষ্টতা যাচাই করা হয়। পরে অপরাধের সঙ্গে সম্পৃক্ততার প্রমাণ না পাওয়ায় প্রকৃত অভিভাবকদের জিম্মায় তাদের দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মতলব উত্তর থানা পুলিশের এ অভিযানে নেতৃত্ব দেন চাঁদপুরের পুলিশ সুপার মো. মিজানুর রহমানের সার্বিক নির্দেশনায় মতলব সার্কেলের সহকারী পুলিশ সুপার জাবীর হুসনাইন সানীব এবং মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মানস বড়ুয়া।
মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে জানিয়ে সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) জাবীর হুসনাইন সানীব বলেন, মতলব উত্তর থানায় সম্প্রতি নতুন অফিসার যোগদান করেছেন। তার নেতৃত্বে মাদকবিরোধী অভিযান আরও গতিশীল হবে বলে আশা করছি।
মতলবের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশকে সহযোগিতা করার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান তিনি। মাদক ও কিশোর গ্যাংবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
















