মেলান্দহের আওয়ামী লীগ সহ-সভাপতি আবু বকর সিদ্দিকের রাজনীতি থেকে অবসর
- আপডেট সময় : ০১:২০:২৫ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬
- / ১৬৮

মেলান্দহ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফকির আবু বকর সিদ্দিক ব্যক্তিগত ও পারিবারিক কারণে রাজনীতি থেকে অবসর নেওয়ার ঘোষণা দিয়েছেন। বুধবার (১ জুলাই) দুপুরে মেলান্দহ পৌরসভা সংলগ্ন নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
আবু বকর সিদ্দিক একসময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন এবং ২০১৯ সালে আওয়ামী লীগে যোগ দেন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, "আজ থেকে আমি আওয়ামী লীগ পরিবারের কেউ নই। আওয়ামী লীগের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই।" তিনি জানান, তিনি আর কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হবেন না।
লিখিত বক্তব্যে আবু বকর সিদ্দিক উল্লেখ করেন যে, ২০২৪ সালের ২৫ নভেম্বর তিনি সাংগঠনিকভাবে আওয়ামী লীগ থেকে পদত্যাগ করেছিলেন, তবে তখন বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো সম্ভব হয়নি।
রাজনৈতিক জীবনের শুরু সম্পর্কে তিনি বলেন, ১৯৮০ সাল থেকে ছাত্ররাজনীতির মাধ্যমে তিনি সক্রিয় হন এবং জাতীয়তাবাদী ছাত্রদলের মিছিলে অংশগ্রহণ করেন। পরবর্তীতে যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং মেলান্দহ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।
আবু বকর সিদ্দিক বলেন, "ব্যক্তিগত ও পারিবারিক কারণেই আমি রাজনীতি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।" মেলান্দহ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ এবং সাধারণ সম্পাদক মো. জিন্নাহের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের ফোন বন্ধ পাওয়া গেছে।



















