রাখাইনে জান্তা ও আরাকান আর্মির মধ্যে সংঘাত, টেকনাফ সীমান্তে আতঙ্ক
- আপডেট সময় : ০৬:১৩:০২ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬
- / ৪১

মিয়ানমারের রাখাইন রাজ্যে জান্তা বাহিনী ও বিদ্রোহী সংগঠন আরাকান আর্মির মধ্যে আবারো সংঘাত শুরু হয়েছে। এই সংঘাতের ফলে কক্সবাজারের টেকনাফ সীমান্তবর্তী অঞ্চলে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা বিকট বিস্ফোরণের শব্দ শুনছেন, যা তাদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। প্রশাসন স্থানীয়দের আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছে।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস. এম. অনীক চৌধুরী জানিয়েছেন, সীমান্তরক্ষী বাহিনী ও কোস্টগার্ড সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন এবং সীমান্ত শতভাগ সুরক্ষিত রয়েছে। তিনি বিমান হামলার শব্দের সত্যতা নিশ্চিত করেছেন।
জালিয়াপাড়া এলাকার রোহিঙ্গা প্রতিরোধ কমিটির চেয়ারম্যান মোজাম্মেল হক জানান, সকাল থেকে সীমান্তের ওইপাড় থেকে বিচ্ছিন্ন শব্দ শোনা যাচ্ছে। সন্ধ্যার পর থেকে যুদ্ধ বিমান থেকে বোমা নিক্ষেপের খবর পাওয়া গেছে। স্থানীয়দের মধ্যে উদ্বেগ বেড়েছে, এবং কিছু রোহিঙ্গা পরিবার সীমান্ত অভিমুখে জড়ো হচ্ছে।
সাবরাং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুক মান্নান বলেন, “বহুদিন পর মিয়ানমারে আবার সংঘর্ষ শুরু হয়েছে। বিস্ফোরণের শব্দে মানুষের ঘরবাড়ি কেঁপে উঠেছে।” টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া জানান, গোলাগুলির শব্দ টেকনাফের সীমান্তবর্তী এলাকাতেও শোনা যাচ্ছে।
উল্লেখ্য, সর্বশেষ ২৮ ডিসেম্বর মিয়ানমারের রাখাইন রাজ্যে আরাকান আর্মি ও জান্তা সরকারের সশস্ত্র বাহিনীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছিল।


























