কুয়েত ও কাতারে মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলার দাবি ইরানের
- আপডেট সময় : ০৫:০৫:০২ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
- / ৫

কুয়েত ও কাতারে অবস্থিত একাধিক মার্কিন সামরিক ঘাঁটিতে আত্মঘাতী ‘আরাশ’ ড্রোন দিয়ে হামলা চালানোর দাবি করেছে ইরান। দেশটির সেনাবাহিনী জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ‘শত্রুতামূলক কর্মকাণ্ডের’ জবাব হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে।
ইরানি সংবাদ সংস্থা মেহেরের বরাত দিয়ে শুক্রবার (২৪ জুলাই) এ তথ্য জানানো হয়েছে। ইরানের সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, অভিযানে কুয়েতের ক্যাম্প উদাইরি, দোহা ক্যাম্প এবং ক্যাম্প আরিফজানকে লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে।
বিবৃতিতে দাবি করা হয়েছে, এসব ঘাঁটিতে মার্কিন বাহিনীর সরঞ্জাম সংরক্ষণাগার, সেনাদের অবস্থান এবং সামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়েছে। ইরান সতর্ক করে জানায়, যুক্তরাষ্ট্রের শত্রুতামূলক কর্মকাণ্ড অব্যাহত থাকলে তারা আরও ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাবে।
ইরানের সেনাবাহিনী জানিয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের হুমকি দেশটির জনগণ ও সশস্ত্র বাহিনীর মনোবল দুর্বল না করে বরং আরও শক্তিশালী করবে। তারা আগ্রাসনের বিরুদ্ধে আরও দৃঢ় প্রতিরোধ গড়ে তুলবে বলেও উল্লেখ করা হয়।
এর আগে ‘অপারেশন থান্ডারবোল্ট’-এর ২৪তম ধাপে বাহরাইন ও জর্ডানে মার্কিন সামরিক স্থাপনায় ‘আরাশ’ ড্রোন দিয়ে হামলার দাবিও করেছিল ইরান। তবে কুয়েত, কাতার বা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানের হামলার দাবির বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।























