আল-আকসা মসজিদে বেন-গভির প্রবেশ, জর্ডান ও হামাসের নিন্দা
- আপডেট সময় : ০৫:০৮:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
- / ১১

ফিলিস্তিনের জেরুজালেমের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করেছেন ইসরাইলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির। তার সঙ্গে ছিলেন অন্যান্য ইসরাইলি কর্মকর্তা এবং দুই হাজারের বেশি ইসরাইলি বসতি স্থাপনকারী।
জর্ডান ও ফিলিস্তিনি সংগঠন হামাস এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রাষ্ট্রদূত ফুয়াদ মাজালি এক বিবৃতিতে বলেন, এ ধরনের পদক্ষেপ আল-আকসা মসজিদ প্রাঙ্গণের ঐতিহাসিক ও আইনগত ‘স্থিতাবস্থা’ লঙ্ঘন করে।
তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান, জেরুজালেমের ইসলামি ও খ্রিস্টান ধর্মীয় পবিত্র স্থানগুলোর বিরুদ্ধে চলমান লঙ্ঘন বন্ধে ইসরাইলের ওপর কার্যকর চাপ সৃষ্টি করতে।
হামাসও এ ঘটনার নিন্দা জানিয়ে একে ‘প্রকাশ্য আগ্রাসন’ বলে অভিহিত করেছে। সংগঠনটি সতর্ক করে বলেছে, এ ধরনের কর্মকাণ্ড শেষ পর্যন্ত ‘দখলদার শক্তি ও তাদের বসতি স্থাপনকারীদের জন্যই বুমেরাং হয়ে ফিরে আসবে’ এবং তারা কখনোই পবিত্র স্থানগুলোর অবমাননার মুখে নীরব থাকবে না।
আল-আকসা মসজিদ প্রাঙ্গণকে ঘিরে দীর্ঘদিন ধরেই ইসরাইল ও ফিলিস্তিনিদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। মুসলমানদের কাছে এটি ইসলাম ধর্মের তৃতীয় পবিত্রতম স্থান, আর ইহুদিদের কাছে একই এলাকা টেম্পল মাউন্ট হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান।























