অরিজিৎ সিংয়ের আন্দোলনকারীদের সমর্থন: মত বদলাবে না, জানালেন গায়ক
- আপডেট সময় : ০৫:৫০:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
- / ২৮

দিল্লিতে শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি প্রকাশ্যে সমর্থন জানিয়েছেন ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিং। সংসদ অভিযানের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া একটি পোস্টে তিনি শিক্ষার্থীদের ওপর পুলিশের বলপ্রয়োগের সমালোচনা করেন। এই পোস্টের পর অরিজিৎকে নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা শুরু হয়েছে।
অরিজিৎ লেখেন, ‘শিক্ষার্থীদের মারধর করা হচ্ছে! দিল্লি পুলিশ, আপনাদের কি লজ্জা হচ্ছে না? নেতা-মন্ত্রীদের বলছি, এসব কী হচ্ছে? আপনারা কি নিজেদেরই ভগবান মনে করছেন? সবকিছু মনে রাখা হবে। হর হর মহাদেব।’ তিনি আরও উল্লেখ করেন, ‘মনে রাখবেন, পরিবর্তনই একমাত্র ধ্রুবক।’
এক ভক্তের মন্তব্যের জবাবে অরিজিৎ বলেন, ‘কে আমাকে সম্মান করল আর কে করল না, তা নিয়ে আমি ভাবি না। সবারই আলাদা মতামত থাকতে পারে। আপনি আমার ভক্ত বলেই যে আমাকে আপনার মতো করে কথা বলতে হবে, এমন কোনো বাধ্যবাধকতা নেই।’
অরিজিৎ ভক্তের অনুভূতিতে আঘাত লেগে থাকলে দুঃখ প্রকাশ করেন। তিনি বলেন, ‘মানুষ হিসেবে আমি আপনার কাছে ক্ষমা চাইছি। আমার কথায় যদি আপনার কষ্ট হয়ে থাকে, তার জন্য দুঃখিত। তবে আমি এই বিষয়টি নিয়ে সত্যিই ক্ষুব্ধ এবং স্বাধীনভাবে আমার মত প্রকাশ করেছি।’
শেষে তিনি জানান, ‘আপনি চাইলে আপনার প্লেলিস্ট থেকে আমার সব গান মুছে ফেলতে পারেন। আমার অস্তিত্বও ভুলে যেতে পারেন। সুখে থাকুন। কিন্তু আমার মতামতে কোনো পরিবর্তন আসবে না।’ অরিজিতের এই জবাব সামাজিক মাধ্যমে নতুন করে আলোচনা সৃষ্টি করেছে।























