জামালপুরে বিচারক দম্পতির বাসায় চুরির ঘটনা
- আপডেট সময় : ১২:০৫:৪২ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬
- / ৭

জামালপুর পৌর শহরের দেওয়ানপাড়া এলাকায় মঙ্গলবার (৩০ জুন) রাতে একটি বিচারক দম্পতির ভাড়া বাসায় চুরির ঘটনা ঘটেছে। চোরেরা জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে স্বর্ণালংকার, নগদ টাকা ও অন্যান্য মূল্যবান সামগ্রী নিয়ে যায়।
বিচারক দম্পতি আহমাদুল কবির সাকিল ও নুসরাত জেরিন জেনি জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের মেলান্দহ ও দেওয়ানগঞ্জ আদালতে সিভিল জজ হিসেবে কর্মরত আছেন। তারা আনোয়ার হোসেনের তিনতলা ভবনের তৃতীয় তলায় গত সাত মাস ধরে ভাড়া থাকছেন।
অভিযোগ অনুযায়ী, আহমাদুল কবির সাকিল মঙ্গলবার বিকেলে স্ত্রীকে গ্রামের বাড়িতে পৌঁছে দিতে বাসা থেকে বের হন। এ সময় বাসায় কেউ না থাকায় দুর্বৃত্তরা জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে। চুরির সময় একটি হীরার আংটি, প্রায় ৭ ভরি স্বর্ণালংকার, নগদ এক লাখ টাকা এবং অন্যান্য মূল্যবান সামগ্রী চুরি করে নিয়ে যায়।
বাড়ির মালিক আনোয়ার হোসেন জানান, ভবনে সিসিটিভি ক্যামেরা থাকলেও বর্তমানে তা অচল। তিনি বলেন, ‘এতদিনে এমন ঘটনা ঘটেনি, ধারণা করা হচ্ছে, এটি পরিকল্পিতভাবে করা হয়েছে।’
জামালপুর পরিদর্শক (তদন্ত) নূর মোহাম্মদ জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং নাজির সাহেব বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। বিষয়টি তদন্ত করা হচ্ছে।





















