গজরা ইউনিয়নের চেয়ারম্যান পদে আলোচনায় সাবেক ছাত্রদল নেতা শাহ আলম লস্কর
- আপডেট সময় : ০৭:৩০:৪৩ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬
- / ৭৯

মতলব উত্তর প্রতিনিধি:
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার গজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক শাহ আলম লস্কর। রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি দীর্ঘদিন ধরে খেলাধুলা ও বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থাকায় স্থানীয়ভাবে তিনি একজন পরিচিত ও গ্রহণযোগ্য মুখ হিসেবে পরিচিত।
স্থানীয় সূত্রে জানা যায়, ছাত্ররাজনীতির মাধ্যমে নেতৃত্বের বিকাশ ঘটিয়ে শাহ আলম লস্কর মতলব উত্তর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করেন। রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি তিনি এলাকার যুবসমাজকে খেলাধুলামুখী করতে বিভিন্ন ক্রীড়া আয়োজন ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখে আসছেন।
গজরা ইউনিয়নের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে তার অংশগ্রহণের কারণে সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক ভাবমূর্তি তৈরি হয়েছে। এলাকার উন্নয়ন, যুবসমাজের কর্মসংস্থান, মাদকমুক্ত সমাজ গঠন এবং আধুনিক ইউনিয়ন বিনির্মাণের লক্ষ্য নিয়ে তিনি দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন বলে স্থানীয়রা জানান।
সাম্প্রতিক সময়ে ইউনিয়নের বিভিন্ন সামাজিক অনুষ্ঠান, ক্রীড়া প্রতিযোগিতা ও জনসম্পৃক্ত কর্মকাণ্ডে তার উপস্থিতি এবং সক্রিয় ভূমিকার কারণে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে তার নাম ব্যাপকভাবে আলোচিত হচ্ছে। বিশেষ করে তরুণ ভোটারদের মধ্যে তার জনপ্রিয়তা রয়েছে বলে রাজনৈতিক মহলে আলোচনা রয়েছে।
স্থানীয় বাসিন্দারা মনে করেন, রাজনৈতিক অভিজ্ঞতার পাশাপাশি খেলাধুলা ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ততা শাহ আলম লস্করকে অন্যদের থেকে আলাদা করেছে। ফলে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে গজরা ইউনিয়নের চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে তাকে নিয়ে আলোচনা দিন দিন বাড়ছে।
এ বিষয়ে শাহ আলম লস্কর বলেন, আমি সবসময় এলাকার মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। খেলাধুলা, সামাজিক উন্নয়ন এবং জনকল্যাণমূলক কাজের মাধ্যমে মানুষের আস্থা অর্জনের চেষ্টা করছি। ভবিষ্যতেও জনগণের কল্যাণে কাজ করতে চাই। দল ও এলাকার মানুষের সিদ্ধান্তই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।
স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, তৃণমূলের সঙ্গে দীর্ঘদিনের যোগাযোগ, সামাজিক গ্রহণযোগ্যতা এবং যুবসমাজের মধ্যে প্রভাবের কারণে গজরা ইউনিয়নের চেয়ারম্যান পদে আলোচিত সম্ভাব্য মুখদের একজন শাহ আলম লস্কর।
































