পিএমকের উদ্যোগে মতলব উত্তরে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা পেলেন ৩০০ রোগী
- আপডেট সময় : ০৮:০৪:১৮ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬
- / ৪০

মতলব (চাঁদপুর) প্রতিনিধি:
মানবিক ও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে পল্লী মঙ্গল কর্মসূচি (পিএমকে) মতলব উত্তর শাখার উদ্যোগে শনিবার (৭ জুন) একটি ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। দরিদ্র, অসহায়, সুবিধাবঞ্চিত ও নিম্নআয়ের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে আয়োজিত এ ক্যাম্পে এলাকার প্রায় ৩০০ জন রোগী সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেন।
দিনব্যাপী পরিচালিত মেডিকেল ক্যাম্পে অভিজ্ঞ ও বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগীদের বিভিন্ন স্বাস্থ্য সমস্যা পরীক্ষা-নিরীক্ষা করেন। পাশাপাশি স্বাস্থ্য পরামর্শ, ব্যবস্থাপত্র প্রদান, প্রয়োজনীয় ওষুধ বিতরণ এবং দৃষ্টিশক্তি সমস্যায় আক্রান্তদের মাঝে বিনামূল্যে চশমা সরবরাহ করা হয়। বিনামূল্যে মানসম্মত চিকিৎসাসেবা পেয়ে রোগীরা সন্তোষ প্রকাশ করেন এবং এ উদ্যোগকে প্রশংসনীয় বলে অভিহিত করেন।
অনুষ্ঠানের উদ্বোধন করেন পল্লী মঙ্গল কর্মসূচির সহকারী কর্মসূচি ব্যবস্থাপক সরদার সুলতান মাহমুদ। এ সময় উপস্থিত ছিলেন মতলব উত্তর শাখার শাখা ব্যবস্থাপক মো. জিয়াউর রহমান, অ্যাকাউন্ট অফিসার নুরবানু, ক্রেডিট অফিসার মো. আব্দুল্লাহ আল মামুন, মনোয়ার হোসেন, তামিম হোসেনসহ শাখার অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা। তারা সার্বিক কার্যক্রম তদারকি করেন এবং আগত রোগীদের সেবা নিশ্চিত করতে সক্রিয় ভূমিকা পালন করেন।
আয়োজকরা জানান, সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে পল্লী মঙ্গল কর্মসূচি দীর্ঘদিন ধরে বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। স্বাস্থ্যসেবা, শিক্ষা, সচেতনতা বৃদ্ধি ও সামাজিক উন্নয়নমূলক নানা উদ্যোগের মাধ্যমে প্রতিষ্ঠানটি মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে।
বক্তারা বলেন, অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের মৌলিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সামাজিক দায়িত্বের অংশ। সেই দায়বদ্ধতা থেকেই পিএমকে নিয়মিতভাবে এ ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে থাকে। ভবিষ্যতেও আরও বৃহৎ পরিসরে এ ধরনের মানবিক ও সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

























