বুবলীর দ্বিতীয় সন্তানের জন্ম কোথায়, অবশেষে জানা গেল
- আপডেট সময় : ০৬:৪৫:৩২ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬
- / ২৩

প্রতিদিনের বিনোদন:
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলী দ্বিতীয়বারের মতো মা হয়েছেন। শুক্রবার,৫ জুন নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে কন্যাসন্তান জন্মের সুখবর জানান তিনি। একই সঙ্গে প্রকাশ করেন নবজাতকের নামও। বুবলীর মেয়ের নাম রাখা হয়েছে শারলিন খান।
সন্তান জন্মের খবর প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছায় ভাসছেন এই অভিনেত্রী। তবে অভিনন্দনের পাশাপাশি নতুন করে আলোচনায় এসেছে আরেকটি বিষয়-বুবলীর দ্বিতীয় সন্তানের জন্ম কোথায় হয়েছে?
কারণ, বুবলী ও শাকিব খানের প্রথম সন্তান শেহজাদ খান বীরের জন্ম হয়েছিল যুক্তরাষ্ট্রে। ফলে অনেকেই ধারণা করেছিলেন, দ্বিতীয় সন্তানের জন্মও হয়তো বিদেশেই হয়েছে। বিশেষ করে গত কয়েক মাস ধরে জনসমক্ষে বুবলীর অনুপস্থিতি সেই জল্পনাকে আরও উসকে দিয়েছিল।
তবে ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, এবার আর যুক্তরাষ্ট্রে যাননি বুবলী। যদিও বিদেশে যাওয়ার প্রস্তুতি ছিল বলে চলচ্চিত্রসংশ্লিষ্ট কয়েকজন জানিয়েছেন, শেষ পর্যন্ত সেই পরিকল্পনা বাস্তবায়ন হয়নি। পুরো মাতৃত্বকালীন সময় ঢাকায়ই ছিলেন এই নায়িকা।
খোঁজ নিয়ে জানা গেছে, রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বেসরকারি হাসপাতালে জন্ম হয়েছে বুবলীর কন্যাসন্তানের। যদিও হাসপাতালটির নাম প্রকাশ করতে রাজি হননি সংশ্লিষ্টরা। তবে একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করে।
জানা যায়, গর্ভাবস্থার পুরো সময় চিকিৎসকের তত্ত্বাবধানে ছিলেন বুবলী। ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখতে খুব সীমিত পরিসরে চলাফেরা করেন। এ কারণেই দীর্ঘদিন তাকে জনসমক্ষে দেখা যায়নি।
মা হওয়ার আগ পর্যন্তও কাজ নিয়ে ব্যস্ত ছিলেন বুবলী। একাধিক সিনেমার শুটিংয়ে অংশ নেন তিনি। এমনকি রায়হান রাফি পরিচালিত ‘প্রেশার কুকার’ সিনেমার কাজও সম্পন্ন করেন। তবে সিনেমাটি মুক্তি পেলেও প্রচারণায় দেখা যায়নি তাকে। তখন থেকেই তার অনুপস্থিতি নিয়ে নানা আলোচনা শুরু হয়।
কন্যাসন্তান জন্মের খবর জানিয়ে ফেসবুক পোস্টে বুবলী লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর অশেষ রহমতে আমাদের পরিবারে একটি কন্যাসন্তানের আগমন হয়েছে। এই আনন্দের মুহূর্তে যারা আমাদের জন্য দোয়া করেছেন এবং শুভকামনা জানিয়েছেন, তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। আমাদের মেয়ের জন্য সবার দোয়া কামনা করছি।’
পোস্টের সঙ্গে প্রকাশিত ফটোকার্ডে উল্লেখ করা হয়, গত ১১ মে জন্ম হয়েছে শারলিন খানের। পোস্টে শাকিব খানকেও ট্যাগ করেন বুবলী।বুবলীর দ্বিতীয় সন্তানের জন্ম কোথায়, অবশেষে জানা গেল
উল্লেখ্য, ২০২০ সালের ২১ মার্চ যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে জন্ম হয়েছিল শাকিব খান ও বুবলীর প্রথম সন্তান শেহজাদ খান বীরের। পরে ২০২২ সালে সন্তান জন্মের বিষয়টি প্রকাশ্যে আনেন তারা। তবে এবার কন্যাসন্তানের জন্মের এক মাসেরও কম সময়ের মধ্যে সুখবরটি ভক্তদের সঙ্গে ভাগ করে নিলেন বুবলী।
দীর্ঘদিনের নীরবতা ও নানা গুঞ্জনের অবসান ঘটিয়ে জীবনের নতুন অধ্যায়ের খবর জানালেন এই অভিনেত্রী। বর্তমানে মাতৃত্বের সময় উপভোগ করছেন তিনি। শারীরিকভাবে পুরোপুরি সুস্থ হয়ে উঠলে আবারও শুটিংয়ে ফিরবেন বলে জানিয়েছেন তার ঘনিষ্ঠজনরা।































