মতলব উত্তরের কৃতি সন্তান ডা. বশির আহম্মেদ খান বিসিবির মেডিকেল প্যানেলে সদস্য নিযুক্ত
- আপডেট সময় : ০৯:৩১:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬
- / ৪৯

মমিনুল ইসলাম:
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মেডিকেল প্যানেলের সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. বশির আহম্মেদ খান। তিনি চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার ঘনিয়াড়পার গ্রামের কৃতি সন্তান।
মঙ্গলবার (৫ মে ) বিসিবির প্রশাসনিক শাখা থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। এতে স্বাক্ষর করেন বিসিবির সভাপতি তামিম ইকবাল খান।
নিয়োগপত্রে উল্লেখ করা হয়, ডা. বশির আহাম্মদ খানের পেশাগত অভিজ্ঞতা ও নিষ্ঠা বিসিবির মেডিকেল বিভাগের কার্যক্রমকে আরও সমৃদ্ধ করবে বলে বোর্ড আশাবাদী। তার সক্রিয় অংশগ্রহণ ও মূল্যবান অবদান বিসিবির মেডিকেল প্যানেলের লক্ষ্য পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও প্রত্যাশা করা হয়।
বিসিবির মেডিকেল প্যানেল খেলোয়াড়দের চিকিৎসা সেবা, ফিটনেস মূল্যায়ন, ইনজুরি ব্যবস্থাপনা এবং সার্বিক স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। স্বচ্ছতা ও দক্ষতা নিশ্চিত করতে এই প্যানেলের কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত।
ডা. বশির আহম্মেদ খান বর্তমানে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস ও হাসপাতালের সহকারী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি ড্যাব কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবেও দায়িত্বে রয়েছেন।
নিয়োগের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে ডা. বশির আহম্মেদ খান বলেন, এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই বাংলাদেশের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক এবং বিসিবির সভাপতি তামিম ইকবাল খানকে। তাদের আস্থা আমার জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।
তিনি আরও বলেন, আমি আমার সর্বোচ্চ চেষ্টা দিয়ে এই দায়িত্ব যথাযথভাবে পালন করতে চাই। স্বাস্থ্যসেবার পাশাপাশি দেশের ক্রিকেটারদের চিকিৎসা ও ফিটনেস নিশ্চিত করতে নিষ্ঠার সঙ্গে কাজ করব।
মতলববাসীর দোয়া কামনা করে তিনি বলেন, আমার এই অর্জন এলাকার মানুষের জন্যও গর্বের। সকলের দোয়া ও ভালোবাসা থাকলে আমি ভবিষ্যতে আরও ভালো কিছু করতে পারব। স্বাস্থ্য সেবার পাশাপাশি ক্রিকেটের উন্নয়নেও ভূমিকা রাখতে চাই।


























