কালীপুর স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সভাপতি হলেন যুগ্ম সচিব ভিখারুদ্দৌলা চৌধুরী
- আপডেট সময় : ০৫:৩৮:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬
- / ৩৯

মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি:
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কালীপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের গভর্নিং বডির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন সেতু মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. ভিখারুদ্দৌলা চৌধুরী ভুলু। তিনি উপজেলার ঐতিহ্যবাহী কালীপুর চৌধুরী বাড়ির কৃতি সন্তান হিসেবে এলাকায় সুপরিচিত।
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড, কুমিল্লা সম্প্রতি এডহক কমিটির অনুমোদন দেয়। কলেজ পরিদর্শক প্রফেসর মোঃ নূরুন্নবী আলম স্বাক্ষরিত অফিস আদেশে আগামী ৬ মাসের জন্য এ কমিটির অনুমোদনের কথা জানানো হয়।
অনুমোদিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন, কালীপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সদস্য সচিব, অভিভাবক প্রতিনিধি হিসেবে মো. হুমায়ুন কবির এবং শিক্ষক প্রতিনিধি হিসেবে শেখ মানছুর আহাম্মদ।
জানা যায়, মো. ভিখারুদ্দৌলা চৌধুরী ভুলু দীর্ঘদিন ধরে প্রশাসনের গুরুত্বপূর্ণ দায়িত্বে সততা, দক্ষতা ও সুনামের সঙ্গে কাজ করে যাচ্ছেন। বর্তমানে তিনি সেতু মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। কর্মজীবনের পাশাপাশি শিক্ষা, সমাজসেবা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডেও তার রয়েছে বিশেষ অবদান।
নবনিযুক্ত সভাপতি মো. ভিখারুদ্দৌলা চৌধুরী ভুলু বলেন, “কালীপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি এ অঞ্চলের মানুষের আবেগ, ঐতিহ্য ও গৌরবের প্রতীক। এমন একটি প্রতিষ্ঠানের দায়িত্ব পাওয়া আমার জন্য অত্যন্ত সম্মানের।”
তিনি আরও বলেন, “শিক্ষার মানোন্নয়ন, প্রযুক্তিনির্ভর শিক্ষা ব্যবস্থা চালু, শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধে গড়ে তোলা এবং প্রতিষ্ঠানটির সার্বিক উন্নয়নে আমি আন্তরিকভাবে কাজ করতে চাই। শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও এলাকাবাসীর সহযোগিতা পেলে প্রতিষ্ঠানটিকে আরও এগিয়ে নেওয়া সম্ভব হবে।”
এদিকে তার এ মনোনয়নের খবরে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মাঝে আনন্দের সৃষ্টি হয়েছে। সচেতন মহল মনে করছেন, প্রশাসনিক অভিজ্ঞতা, দক্ষ নেতৃত্ব ও শিক্ষাবান্ধব মনোভাব কাজে লাগিয়ে মো. ভিখারুদ্দৌলা চৌধুরী ভুলু প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রম ও অবকাঠামোগত উন্নয়নে নতুন মাত্রা যোগ করবেন।


























