সিদ্ধিরগঞ্জে ‘সুবহান হাজী ভবন’টি’ মারাত্মক ঝুঁকিপূর্ণ
- আপডেট সময় : ০৮:৫৯:৫৯ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
- / ৩৩

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ৫ নম্বর ওয়ার্ডে ১৯৬৯ সালে নির্মিত ‘সুবহান হাজী ভবন’টি মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে বলে অভিযোগ উঠেছে। দুর্ঘটনা এড়াতে ভবনটি দ্রুত অপসারণ করে নতুন করে নির্মাণের দাবি জানিয়েছেন ভবনের অংশীদাররা। এ বিষয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ও রাজউকের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা।
ভবনের অংশীদার ও সুবহান হাজীর ছেলে নাসির উদ্দিন জানান, ভবনটি দীর্ঘদিনের পুরোনো হওয়ায় বর্তমানে অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এ কারণে তারা চার ভাই সন্তান-সন্তাদি নিয়ে ইতোমধ্যে ভবনটি ছেড়ে অন্যত্র চলে গেছেন।
নাসির উদ্দিন বলেন, “কিছুদিন আগে ভবনের একটি সানসেট ভেঙে নিচে পড়ে যায়। আল্লাহর রহমতে ওই সময় নিচে কোনো স্কুলগামী শিক্ষার্থী ছিল না। থাকলে বড় ধরনের প্রাণহানি ঘটতে পারত। ভবনের নিচতলায় কোমলমতি শিশুদের জন্য একটি কোচিং সেন্টারও চালু করা হয়েছে, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। যেকোনো সময় ভবনের কোনো অংশ ভেঙে পড়ে প্রাণহানি ঘটতে পারে।”
তিনি আরও বলেন, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ভবনটির ঝুঁকিপূর্ণ অবস্থা নিরূপণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া এবং সম্ভব হলে ভবনটি অপসারণ করে নতুন করে নির্মাণের উদ্যোগ নেওয়া প্রয়োজন।
স্থানীয় এক দোকানদার বলেন, “সানসেট ভেঙে পড়ার ঘটনাটি ভয়াবহ ছিল। তবে খোদার অশেষ কৃপায় তখন কেউ হতাহত হননি। তাই পুরো ভবন না ভেঙে প্রকৌশলীদের পরামর্শ নিয়ে মজবুতভাবে সংস্কারের উদ্যোগ নেওয়া উচিত।”
এদিকে এলাকাবাসীর অভিযোগ, ভবনটির সানসেট ও দেয়ালের বিভিন্ন অংশ খসে পড়ে পাশের বাড়ির টিন ও আসবাবপত্রের ক্ষয়ক্ষতি হয়েছে। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
এ অবস্থায় ভবনটির বর্তমান অবস্থা সরেজমিনে পরিদর্শন করে সুষ্ঠু তদন্ত এবং ঝুঁকিপূর্ণ অংশ দ্রুত মেরামত বা প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ও রাজউক কর্তৃপক্ষের প্রতি আহবায়ন জানিয়েছেন স্থানীয়রা।



















