প্রধানমন্ত্রী: ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরিত করতে দৃঢ়প্রতিজ্ঞ
- আপডেট সময় : ০৪:৪৭:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
- / ৬

প্রধানমন্ত্রী তারেক রহমান বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে নতুন উদ্যোগ গ্রহণ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘আমাদের সরকার ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে একটি এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তর করতে দৃঢ়প্রতিজ্ঞ।’
বৃহস্পতিবার (২৩ জুলাই) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফআইসিসিআই) আয়োজিত ‘বাংলাদেশে কর্মসংস্থান ও সমৃদ্ধির লক্ষ্যে বৈদেশিক বিনিয়োগ ত্বরান্বিতকরণ’ শীর্ষক ‘এফআইসিসিআই এফডিআই সম্মেলন ২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘দেশীয় উদ্যোক্তা কিংবা বিদেশি বিনিয়োগকারী-যে কেউ বাংলাদেশে মূলধন বিনিয়োগ করলে সরকার সময়, প্রাতিষ্ঠানিক সহযোগিতা এবং সময়োপযোগী নীতিমালার মাধ্যমে তাদের পাশে থাকবে। এটি কেবল একটি আশ্বাস নয়, ইনশাআল্লাহ এটি আমাদের সরকারের সুনির্দিষ্ট অঙ্গীকার।’
তিনি আরও বলেন, ‘বিদেশি বিনিয়োগ দেশের কর্মসংস্থান সৃষ্টি, আধুনিক প্রযুক্তির প্রবর্তন, বৈশ্বিক সরবরাহ শৃঙ্খল শক্তিশালীকরণ এবং অর্থনৈতিক অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ অবদান রাখছে।’ প্রধানমন্ত্রী বিনিয়োগকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সরকারের পরিকল্পনার কথা তুলে ধরেন।
সরকারের পাঁচ মাসের কর্মকাণ্ড তুলে ধরে প্রধানমন্ত্রী জানান, বিনিয়োগবান্ধব সংস্কারের প্রয়োজনীয়তা চিহ্নিত করা হয়েছে এবং আইনি সুরক্ষা, আধুনিক নিয়ন্ত্রক কাঠামো, সহজ কর ব্যবস্থা, শক্তিশালী পুঁজিবাজার এবং উন্নত অবকাঠামো উন্নয়নের কাজ চলছে।

























