সিদ্ধিরগঞ্জে রাজস্ব ফাঁকি দেওয়ার অভিযোগে পেপার ভর্তি কাভার্ডভ্যান জব্দ
- আপডেট সময় : ০৮:১১:৫৬ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬
- / ৭১

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :
সরকারি রাজস্ব ফাঁকি দেওয়ার অভিযোগে হোয়াইট পেপার ভর্তি একটি কাভার্ডভ্যান জব্দ করেছে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ রাজস্ব কর্মকর্তারা। মঙ্গলবার (১৯ মে) দিবাগত রাত সাড়ে ১০ টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মৌচাক বাস স্ট্যান্ড এলাকার শ্যামস ফিলিং স্টেশনে অভিযান চালিয়ে কাভার্ডভ্যানটি জব্দ করা হয়।
কাস্টমস এক্সাইজ ও ভ্যাট সিদ্ধিরগঞ্জ সার্কেলের রাজস্ব কর্মকর্তা আব্দুর রহিম বলেন, গোপন সূত্রে খবর পাই রাজস্ব ফাঁকি দিয়ে চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে তিনটি কাভার্ডভ্যান ঢাকায় আসছে। গাড়ি তিনটি সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকায় শ্যামস ফিলিং স্টেশনে পার্কিং করা রয়েছে। তখন আমাদের একটি টিম সেখানে গিয়ে কাগজপত্র যাচাই করে হোয়াইট পেপার ভর্তি (ঢাকা মেট্রো-ট-১১-৯২১৪) কাভার্ডভ্যানটিতে ৫৮ হাজার ৭৫০ টাকা রাজস্ব ফাঁকি দেয়ার তথ্য পাই। পরে গাড়িটি জব্দ করা হয়। অন্য দুটি গাড়ির কাগজপত্র ঠিক থাকায় ছেড়ে দেওয়া হয়েছে।
কর চালানপত্র থেকে জানা গেছে, চট্টগ্রামের সীতাকুণ্ড থানার ভাটিয়ারী এলাকার এস এ পাল্প অ্যাণ্ড পেপার প্রোডাক্টস লিমিটেড থেকে গত ১৮ মে রাতে ঢাকার মোল্লা এন্টারপ্রাইজের উদ্দেশ্যে পেপার ভর্তি কাভার্ডভ্যানটি ছেড়ে আসে।


























