অবৈধ ইটভাটায় অভিযান, দুই মালিককে ৭ লাখ টাকা জরিমানা
- আপডেট সময় : ০৮:৩৮:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬
- / ৫৮

মমিনুল ইসলাম:
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় অবৈধভাবে ইটভাটা পরিচালনার দায়ে দুই ইটভাটা মালিককে মোট ৭ লাখ টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর।
মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এ দণ্ডাদেশ প্রদান করা হয়। আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা।
প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের পরিদর্শক শরমিতা আহমেদ লিয়া। অভিযানে সংশ্লিষ্ট দপ্তরের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন লঙ্ঘন করে অনুমোদনবিহীনভাবে ইটভাটা পরিচালনার দায়ে দু’টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অর্থদণ্ড আরোপ করা হয়। এর মধ্যে মেসার্স মতিন মনোয়ার ব্রিকসের মালিককে ৫ লাখ টাকা এবং মেসার্স টরকি ব্রিকসের মালিককে ২ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে বলে জানা গেছে।
অভিযান চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মতলব উত্তর থানা পুলিশের একটি দল দায়িত্ব পালন করে। এছাড়া সম্ভাব্য অগ্নি দুর্ঘটনা মোকাবেলায় মতলব উত্তর উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা প্রস্তুত ছিলেন।
পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মিজানুর রহমান বলেন, পরিবেশ সুরক্ষা ও আইন বাস্তবায়নের স্বার্থে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।



























