সিদ্ধিরগঞ্জে রাজনৈতিক পরিচয়ে পরিবহন মালিকের কাছে চাঁদা দাবির অভিযোগ
- আপডেট সময় : ১২:২৪:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
- / ১৫৩

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:
সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় ভুয়া রাজনৈতিক দলের পরিচয়ে পরিবহন মালিকের কাছে চাঁদা দাবির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবহন মালিক শিমরাইল এক্সপ্রেসের ব্যবস্থপনা পরিচালক মো. হাসানুজ্জামান সিদ্ধিরগঞ্জ থানায় বেশ কয়েক জনের নাম উল্লেখ করে লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযুক্তরা হলো, তাইজুল ইসলাম সিকাদার সাজনু (৪৫), ওয়াশিম আকরাম (৩২), তরুন (২৬), জসিম (২৫) সহ অজ্ঞাত আরো ১০/১২ জন। তাদের বিরুদ্ধে একই অভিযোগে যাত্রাবাড়ী এলাকার মোহম্মদ আলী নামেও আরেক পরিবহন মালিক যাত্রাবাড়ী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগে ভুক্তভোগী ওই পরিবহন মালিক উল্লেখ করেন, আমার শিমরাইল এক্সপ্রেস লিঃ এর ব্যানারের তত্বাবধানে যাত্রাবাড়ী থেকে চিটাগাংরোডে লেগুনা গাড়ি থেকে গত এক মাস পূর্বে অভিযুক্তরা চিটাগাংরোড ষ্ট্যান্ডে এসে অযৌক্তিকভাবে আমার কাছে চাঁদা দাবী করে। এসময় আমি সহ উপস্থিত চালকরা চাঁদা প্রদানে অপরাগতা প্রকাশ করায় অভিযুক্তরা উগ্র ও হিংস্রতা দেখায়। তারা গাড়ির মালিক না হয়েও ভুয়া মালিক সমিতির নামে কমিটি গঠন করে। এমনকি তারা দৈনিন্দিন চাঁদার তালিকা প্রদান করে। গত ১০ এপ্রিল কাওসার নামে আমার এক লাইনম্যানকে জোরপূর্বক চিটাগাংরোড তুলে সিআইখোলা এলাকার একটি পরিত্যক্ত ভবনে আটক করে এবং নির্যাতন চালায়। এসময় অভিযুক্তরা আমার লাইনম্যানকে অস্ত্রের ভয় দেখিয়ে তার সাথে থাকা নগদ টাকা ছিনিয়ে নিয়ে যায়।
হাসানুজ্জামান বলেন, আমি যদি চিটাগাংরোড ষ্ট্যান্ডে গমন করি এবং বিবাদীদের দাবীকৃত চাঁদা প্রদান না করি তাহলে তারা আমাকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়েছে। এ বিষয়ে আমি প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক (এ.এস.আই) মো. ছাব্বিত খান বলেন, অভিযোগকারীর কাছ এ বিষয়ে শুনেছি। তবে থানা থেকে এখনো লিখিত অভিযোগ আমার কাছে আসেনি। আসলে এ বিষয়ে তদন্ত করে দেখবো।


























