মতলব উত্তরের উন্নয়ন ত্বরান্বিত করতে প্রশাসন-জনপ্রতিনিধিদের সমন্বয়ের আহ্বান এমপি ড. জালাল উদ্দিনের
- আপডেট সময় : ০৩:৪৪:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬
- / ৬৪

মমিনুল ইসলাম:
চাঁদপুর-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব ড. মোহাম্মদ জালাল উদ্দিন-এর সঙ্গে মতলব উত্তর উপজেলা প্রশাসনের সকল বিভাগীয় প্রধান ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলা পরিষদের কনফারেন্স রুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা কুলসুম মনি।
সভায় উপজেলার সার্বিক উন্নয়ন কার্যক্রম, প্রশাসনিক সমন্বয় জোরদার, জনসেবার মানোন্নয়ন এবং চলমান সরকারি প্রকল্পগুলোর অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা জনপ্রতিনিধি ও প্রশাসনের পারস্পরিক সহযোগিতার মাধ্যমে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।
সংসদ সদস্য ড. জালাল উদ্দিন বলেন, জনগণের কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগসহ সব খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে মতলব উত্তর উপজেলাকে একটি উন্নত, আধুনিক ও শান্তিপূর্ণ এলাকায় রূপান্তরের প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
তিনি আরও বলেন, দলমতের ঊর্ধ্বে উঠে এলাকার সমস্যা চিহ্নিত করে ধাপে ধাপে তা সমাধানে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে।
সভায় উপস্থিত বিভাগীয় প্রধান ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা নিজ নিজ এলাকার সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন প্রস্তাব তুলে ধরেন এবং ভবিষ্যতে সংসদ সদস্যের সঙ্গে নিয়মিত সমন্বয়ের আশাবাদ ব্যক্ত করেন।



























