চাটখিলে প্রবাসীর স্ত্রীকে মারধর, শিশু সন্তানসহ ঘরে তালাবদ্ধ করে রাখার অভিযোগ
- আপডেট সময় : ০৩:০৬:৫০ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬
- / ৫৪

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি :
নোয়াখালীর চাটখিল পৌরসভার সুন্দরপুর মান উল্যাহ পাটোয়ারী বাড়িতে এক প্রবাসীর স্ত্রীকে মারধর করে আহত করে। পরে তাঁকে ও তার শিশু সন্তানদের ঘরের ভিতর আটক করে তালাবদ্ধ করে রাখার অভিযোগ পাওয়া গেছে। এই ব্যাপারে প্রবাসী জসিম উদ্দিনের স্ত্রী ফারিয়া আক্তার (২৩) বাদী হয়ে গত শনিবার সন্ধ্যায় চাটখিল থানায় অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে জানা যায়, ফারিয়া আক্তারের ভাসুর জাহাঙ্গীর আলম (৪৫) ও মো. মিজান (৫০) প্রবাসীর অনুপস্থিতিতে বিভিন্ন সময়ে তাঁকে একাধিকবার মারধর ও বিভিন্ন ভাবে নির্যাতন করে আসছে। এই নিয়ে একাধিকবার সালিশ বৈঠক হয়। সালিশ বৈঠকের সিদ্ধান্ত না মেনে তার উপর বিভিন্ন ভাবে নির্যাতন অব্যাহত থাকে। এরই ধারাবাহিকতায় গত শনিবার দুপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ফারিয়া আক্তার কে তার দুই ভাসুর জাহাঙ্গীর ও মিজান মারধর করে আহত করে এবং তার পরনে থাকা কাপড়চোপড় টানাহেঁচড়া করে ছিঁড়ে ফেলে। পরে তাকে ও তার দুই শিশু সন্তানকে ঘরের ভিতর আটক করে বাহিরে তালা লাগিয়ে দেয়। ফারিয়া ৯৯৯ এ কল দিলে চাটখিল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদেরকে উদ্ধার করে। এই ঘটনার সংবাদ সংগ্রহ করতে দৈনিক আশার আলো পত্রিকার চাটখিল প্রতিনিধি মাহবুবুর রহমান শিপন ঘটনাস্থলে যান। পুলিশের উপস্থিতিতে জাহাঙ্গীর ও তার সমর্থকরা তার উপর হামলা করে তাঁকে লাঞ্ছিত করার অভিযোগ করে শিপন। এদিকে থানায় অভিযোগ দায়ের এর পর তার ভাসুররা পুনরায় তার ঘরে তালা লাগিয়ে দেয়। এই বিষয়ে ফারিয়া পুলিশকে অবহিত করেছেন। বর্তমানে তিনি তার বাবার বাড়িতে আছেন।
এই বিষয়ে চাটখিল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মোন্নাফ এর সাথে কথা বললে তিনি জানান, ৯৯৯ এ ফোন করার পর থানা পুলিশ তাদের কে উদ্ধার করে। ফারিয়া আক্তারের অভিযোগ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



























