চাঁদপুর-২ আসনে এবি পার্টির মনোনয়ন পেলেন রাশিদা আক্তার মিতু
- আপডেট সময় : ০৯:২০:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫
- / ৮৪

মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ) আসনে প্রার্থী ঘোষণা করেছে ‘আমার বাংলাদেশ পার্টি’ (এবি পার্টি)। দলটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আসাদুজ্জামান ভুইয়ার স্বাক্ষরিত মনোনয়নপত্রে রাশিদা আক্তার মিতুর নাম চূড়ান্ত করা হয়েছে। দলের নিবন্ধন নম্বর-০৫ এর উল্লেখসহ ২৬১, চাঁদপুর-২ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি। বুধবার (২৪ ডিসেম্বর ) তারিখে মনোনয়ন প্রদানপত্রে স্বাক্ষর করেন এবি পার্টির এ নীতিনির্ধারক।
মনোনয়নপত্রে উল্লেখ করা হয়, রাশিদা আক্তার মিতুকে চাঁদপুর-২ আসনে এবি পার্টির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী হিসেবে মনোনয়ন প্রদান করা হলো।
এ সময় মোহাম্মদ আসাদুজ্জামান ভুইয়া বলেন, জনগণের অধিকার, গণতান্ত্রিক মূল্যবোধ ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে এবি পার্টি নতুন নেতৃত্ব গড়ে তুলছে। চাঁদপুর-২ আসনে আমাদের প্রার্থী রাশিদা আক্তার জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবেন বলে আমরা বিশ্বাস করি।
মনোনয়ন পাওয়ার পর রাশিদা আক্তার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জানান, এবি পার্টির প্রতি কৃতজ্ঞতা জানাই। সাধারণ মানুষের কণ্ঠস্বর হিসেবে আমি কাজ করতে চাই। এলাকার উন্নয়ন ও নাগরিক অধিকার প্রতিষ্ঠা আমার প্রথম অঙ্গীকার।
আগামী নির্বাচনে চাঁদপুর-২ আসনটি এবার প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়ে উঠবে বলে রাজনৈতিক বিশ্লেষকদের ধারনা।



























