ডেভঅপস ও সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞের প্রশিক্ষণে উপকৃত ১৪০ জন পুলিশ কর্মকর্তা
সাইবার নিরাপত্তায় দক্ষতা অর্জনে পুলিশের পাশে কায়সার আহমেদ খান
- আপডেট সময় : ১০:৩৬:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫
- / ২৮৩

বাংলাদেশ পুলিশের সদস্যদের তথ্যপ্রযুক্তি ও সাইবার নিরাপত্তা বিষয়ে দক্ষ করে তোলার লক্ষ্যে প্রশিক্ষণ প্রদান করে চলেছেন ডেভঅপস ও আইটি সিকিউরিটি বিশেষজ্ঞ কায়সার আহমেদ খান। তিনি দীর্ঘ ১৮ বছর ধরে দেশের আইটি খাতে দক্ষতা উন্নয়নে কাজ করে যাচ্ছেন। তার প্রশিক্ষণ কার্যক্রমের আওতায় ইতোমধ্যে প্রায় ৪ হাজার মানুষ উপকৃত হয়েছেন, যাদের অনেকে দেশের বিভিন্ন খাতে উচ্চপদে কর্মরত।
সাম্প্রতিক সময়ে তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি), চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি), অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) সহ দেশের বিভিন্ন জেলা থেকে আগত সাব-ইন্সপেক্টর থেকে শুরু করে অতিরিক্ত পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার প্রায় ১৪০ জন কর্মকর্তাকে সাইবার সিকিউরিটি বিষয়ক প্রশিক্ষণ দিয়েছেন। প্রশিক্ষণের বিষয়বস্তুতে ছিলো সাইবার অপরাধ শনাক্তকরণ, অপরাধীদের ডিজিটাল ট্রেসিং, ডেটা এনালাইসিস, ক্লাউড সিকিউরিটি ও থ্রেট ইন্টেলিজেন্সের মতো গুরুত্বপূর্ণ বিষয়।
এ বিষয়ে কায়সার আহমেদ খান বলেন, “বর্তমান যুগে অপরাধীরা প্রযুক্তিকে ব্যবহার করে অপরাধ করছে। তাই প্রযুক্তি সম্পর্কে দক্ষতা না থাকলে তাদের শনাক্ত করাও কঠিন। আমি চাই দেশের প্রতিটি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আধুনিক প্রযুক্তির ব্যবহার জানুক, যেনো তারা আরও দক্ষতার সঙ্গে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পারে। আমি আমার জ্ঞান ও অভিজ্ঞতা দিয়ে তাদের পাশে থাকতে চাই।”
প্রশিক্ষণে অংশগ্রহণকারী কর্মকর্তারা জানিয়েছেন, এ প্রশিক্ষণ তাদের আধুনিক অপরাধ দমন ও ডিজিটাল প্রমাণ বিশ্লেষণে দক্ষ করে তুলেছে। ফলে তারা ভবিষ্যতে দ্রুত ও কার্যকরভাবে অপরাধী শনাক্ত ও গ্রেপ্তার করতে সক্ষম হবেন।
বর্তমানে কায়সার আহমেদ খান একটি আন্তর্জাতিক প্রযুক্তি প্রতিষ্ঠানে ডেভঅপস ও ক্লাউড আর্কিটেক্ট হিসেবে কর্মরত। তিনি বিশ্বাস করেন, প্রযুক্তি জ্ঞানের মাধ্যমে দেশি-বিদেশি অপরাধ দমনে পুলিশের সক্ষমতা বাড়বে এবং সাধারণ মানুষ আরও নিরাপদে থাকবে।



























