আদনানের সঙ্গে অপুর রোমান্টিক ফটোশুট, যোগাযোগ মাধ্যমে চলছে আলোচনা
- আপডেট সময় : ১১:৫০:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
- / ১১

প্রতিদিনের বিনোদন:
ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়িকা অপু বিশ্বাসের নতুন ফটোশুট ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে আলোচনা। গত বৃহস্পতিবার মডেল ও অভিনয়শিল্পী আদনান আজাদের সঙ্গে রোমান্টিক আবহে বেশ কয়েকটি স্থিরচিত্র প্রকাশ করেন অপু। ছবিগুলো প্রকাশের পর অনেকেই প্রথমে চিনতে পারেননি আদনানকে। পরে জানা যায়, ১৮ বছর আগে এই অপুর সঙ্গেই নায়ক হিসেবে চলচ্চিত্রে অভিষেক হয়েছিল তার। দীর্ঘ বিরতির পর পুরোনো এই জুটিকে নতুন রূপে দেখে ভক্তদের মধ্যে তৈরি হয়েছে কৌতূহল। তবে কি নিছক ফটোশুট, নাকি এর পেছনে রয়েছে নতুন কোনো পরিকল্পনা?
খোঁজ নিয়ে জানা গেছে, নতুন সিনেমায় একসঙ্গে কাজ করার পরিকল্পনা রয়েছে অপু বিশ্বাস ও আদনান আজাদের। সেই সম্ভাবনাকে সামনে রেখেই হয়েছে তাদের এই ফটোশুট। বিষয়টি নিশ্চিত করে অপু বিশ্বাস বলেন, ‘কাজের প্রয়োজনে সম্প্রতি বেশ কয়েকজনের সঙ্গে ফটোশুট করেছি। তবে আদনান আজাদের সঙ্গে করা ফটোশুটের ছবিগুলো প্রকাশের পর তুলনামূলক বেশি সাড়া দেখতে পাচ্ছি।’
ছবিগুলো প্রকাশের পর দর্শকদের প্রতিক্রিয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন অপু। তিনি বলেন, ‘ছবিগুলো ফেসবুকে দিয়েছি ২৪ ঘণ্টাও হয়নি। এর মধ্যে অনেক ভালো সাড়া পেয়েছি। হয়তো সামনে আরও ভালো সাড়া আসবে।’
আদনান আজাদ আবারও চলচ্চিত্রে কাজ করতে আগ্রহী। তাকে ঘিরে নতুন পরিকল্পনার কথাও জানিয়েছেন অপু। তার ভাষ্য, ‘আমাদের ফটোশুটের পেছনেও রয়েছে ভবিষ্যতে একসঙ্গে কাজ করার পরিকল্পনা। আদনান বড় পরিসরে ভালো সিনেমা নির্মাণ করতে চায়। দেশের বাইরে থেকে সেরা একটি টিম নিয়ে কাজ করার পরিকল্পনাও রয়েছে তার।’
অপু আরও জানান, এ বিষয়ে কথাবার্তা চলছে। শিগগির তাদের আবারও দেখা হওয়ার কথা রয়েছে। তখন সিনেমা নিয়ে আলোচনা আরও এগোতে পারে। তবে সম্ভাব্য সিনেমার নাম, গল্প কিংবা নির্মাণের সময় নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।
প্রায় ১৮ বছর আগে পরিচালক, প্রযোজক ও গীতিকবি গাজী মাজহারুল আনোয়ার পরিচালিত ইমপ্রেস টেলিফিল্মের সিনেমা ‘পাষাণের প্রেম’-এ একসঙ্গে অভিনয় করেছিলেন অপু বিশ্বাস ও আদনান আজাদ। এই সিনেমার মাধ্যমেই চলচ্চিত্রে অভিষেক হয় আদনানের। দুজনের বাড়িই বগুড়ায়। সেখান থেকে ঢাকায় এসে চলচ্চিত্রে কাজ শুরু করেন তারা।
পরে শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে ঢাকাই চলচ্চিত্রে জনপ্রিয়তা পান অপু বিশ্বাস। অন্যদিকে আদনান অভিনয় ও মডেলিংয়ের সঙ্গে যুক্ত থাকলেও চলচ্চিত্রে নিয়মিত হতে পারেননি। দীর্ঘ বিরতির পর নতুন করে তাদের একসঙ্গে দেখা যাওয়ায় পুরোনো সেই জুটিকে নিয়ে আগ্রহ তৈরি হয়েছে দর্শকদের মধ্যে।
ফেসবুকে ফটোশুটের ছবি প্রকাশ করে আদনান অপুকে সম্বোধন করেছেন ‘প্রফেসর’ বলে। তিনি লিখেছেন, ‘১৮ বছর আগে নায়কগিরি শুরু করেছিলাম তোমার হাত ধরে। এরপর অনেক লম্বা বিরতি। লাইফের সেকেন্ড ইনিংসও শুরু হলো তোমার সাথে। ধন্যবাদ প্রফেসর অপু বিশ্বাস।’
অন্যদিকে অপু ছবি পোস্ট করে লিখেছেন, ‘টুকরো টুকরো অসংখ্য মুহূর্ত মিলে আজ রূপ নিয়েছে আমাদের এই সুন্দর গল্পে।’ তার পোস্টে এক হাজারের বেশি মন্তব্য এসেছে, প্রতিক্রিয়া পড়েছে প্রায় ২৭ হাজার। মন্তব্যে অনেকেই পুরোনো এই জুটিকে আবারও বড়পর্দায় দেখার আগ্রহ প্রকাশ করেছেন।
অভিনয় ও মডেলিংয়ের পাশাপাশি আদনান আজাদের আরেকটি পরিচয় রয়েছে। তিনি বন্য প্রাণী ও প্রকৃতির আলোকচিত্রী হিসেবেও পরিচিত। এখন দেখার বিষয়, ১৮ বছর পর অপুর সঙ্গে এই ফটোশুট নতুন কোনো সিনেমার পথ তৈরি করে কি না।



















