সিদ্ধিরগঞ্জে তাঁতীদল থেকে ইদ্রিস হাসান বহিষ্কার
- আপডেট সময় : ০২:১৯:৩৬ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
- / ৫২

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে শ্রমিক লীগ থেকে তাতী দলের সাংগঠনিক সম্পাদক পদ পাওয়া মো. ইদ্রিস হাসানকে বহিষ্কার করেছে তাঁতীদল। নারায়ণগঞ্জ মহানগর তাঁতী দলের সদস্য সচিব মোঃ নবী নূর ও আহ্বায়ক মোঃ মকবুল হোসেন স্বাক্ষরিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দলের সিদ্ধিরগঞ্জ থানা কমিটির প্যাডে এ বহিষ্কারাদেশ দেওয়া হয়।
বহিষ্কারাদেশে উল্লেখ করা হয়, অতীতে তৎকালীন সরকারের সময় শ্রমিক লীগের সদস্য থাকা এবং আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ব্যক্তিদের সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগে সিদ্ধিরগঞ্জ থানা তাঁতী দলের সাংগঠনিক সম্পাদক ইদ্রিস হাসানকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
তাঁতীদল নেতৃবৃন্দের দাবি, ইদ্রিস হাসান মোল্লা নামে শ্রমিক লীগের সদস্য থাকার বিষয়সহ অতীতের রাজনৈতিক সম্পৃক্ততার বিভিন্ন তথ্য-প্রমাণ তাদের কাছে এসেছে। এসব বিষয় পর্যালোচনা করে সংগঠনের শৃঙ্খলা ও নীতিমালা অনুযায়ী তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।
এছাড়া ইদ্রিস হাসানের সাথে তাঁতী দলের আরো যারা জড়িত রয়েছে বা একই অভিযোগের আওতায় রয়েছে, তাদের বিষয়েও তদন্ত করা হবে এবং সত্যতা পাওয়া গেলে তাদের বিরুদ্ধেও সাংগঠনিক কঠোর সিদ্ধান্ত নেওয়া হবে বলে বহিষ্কারাদেশে উল্লেখ করা হয়।
প্রসঙ্গত, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে স্থানীয় রাজনীতিতে আওয়ামী লীগ থেকে বিএনপিতে অনুপ্রবেশ করা মো. ইদ্রিস হাসানকে থানা তাঁতী দলের সাংগঠনিক সম্পাদক করার পর আলোচনা-সমালোচনার সৃষ্টি হয় এবং স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। এ বিষয়ে গণমাধ্যমে সংবাদও প্রকাশিত হয়।



















