মতলব উত্তরে পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৮
- আপডেট সময় : ০৮:০৩:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
- / ২৪

মতলব (চাঁদপুর) প্রতিনিধি:
চাঁদপুরের মতলব উত্তরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ১০৯ পিস ইয়াবা উদ্ধার করা হয়। একই অভিযানে বিভিন্ন অপরাধে আরও চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১৪ অক্টোবর) উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, চাঁদপুরের পুলিশ সুপার মো. মিজানুর রহমানের নির্দেশনায় এবং মতলব সার্কেলের সহকারী পুলিশ সুপার জাবীর হুসনাইন সানীব ও মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানস বড়ুয়ার তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে ১০০ পিস ইয়াবাসহ কামাল পাটোয়ারী (৪২) ও মজিব প্রধান (৩০) এবং ৯ পিস ইয়াবাসহ দুখু মিয়া (৩৮) ও ইব্রাহীম (৩০) নামের চারজনকে গ্রেপ্তার করা হয়।
এ ছাড়া গ্রেপ্তার হওয়া অন্য চারজনের মধ্যে সাজা ও গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত দুজন, ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় আটক একজন এবং অন্য একটি নিয়মিত মামলার একজন আসামি রয়েছেন।
মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানস বড়ুয়া জানান, গ্রেপ্তার হওয়া মাদক-সংশ্লিষ্ট আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, এলাকায় মাদকের বিস্তার রোধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মতলব উত্তর থানা পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।



















