কসমেটিকস ও শিশুদের পণ্যে স্টিকার জালিয়াতি, প্রতিষ্ঠান মালিকের জরিমানা
- আপডেট সময় : ০৬:০০:২৭ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
- / ২৩

মতলব প্রতিনিধি :
চাঁদপুরে বিদেশি কসমেটিকস ও শিশুদের পণ্যে আমদানিকারকের স্টিকার না থাকা এবং নিজেরাই বিভিন্ন আমদানিকারকের স্টিকার লাগিয়ে বাজারজাত করার অভিযোগে এ. এস. এন্টারপ্রাইজকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার (১৪ অক্টোবর) দুপুরে চাঁদপুর শহরের নাজিরপাড়া ও বিপণীবাগ এলাকায় অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটিকে এ জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান জরিমানার আদেশ দেন।
অভিযুক্ত প্রতিষ্ঠানটি তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করে এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার অঙ্গীকার করে। এ সময় বিভিন্ন আমদানিকারকের স্টিকার ধ্বংস করা হয়।
অভিযানকালে অন্যান্য প্রতিষ্ঠানও পরিদর্শন করা হয়। পাশাপাশি ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে লিফলেট বিতরণ করা হয়।
এ সময় ব্যবসায়ীদের নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি, ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ, দৃশ্যমান স্থানে মূল্যতালিকা প্রদর্শন, মেয়াদোত্তীর্ণ ওষুধ বা পণ্য বিক্রি না করা এবং অবৈধভাবে পণ্য মজুত করা থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়।
অভিযানে চাঁদপুর জেলা পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা করে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, ভোক্তাদের স্বার্থ সুরক্ষা ও বাজারে অনিয়ম প্রতিরোধে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

















