সিদ্ধিরগঞ্জে ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে, মামলা
- আপডেট সময় : ০১:৪৫:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬
- / ১৬

প্রতিদিনের নিউজ:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সাত বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে আমিরুল (৩৮) নামে এক ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে। অভিযুক্ত ও শিশুটির পরিবার একই বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন বলে জানা গেছে।
গত মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে সিদ্ধিরগঞ্জের সরদারপাড়া মসজিদ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে বলে শিশুটির পরিবারের পক্ষ থেকে থানায় দেওয়া অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগে বলা হয়, শিশুটির বাবা-মা কর্মস্থলে যাওয়ার সময় তাকে তার খালার কাছে রেখে যান। এ সময় অভিযুক্ত ব্যক্তি শিশুটিকে বাড়ির নিচের মাঠ থেকে কৌশলে ডেকে নিয়ে তার ভাড়া বাসায় ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে। পরে শিশুটি ব্যথায় চিৎকার করলে অভিযুক্ত তাকে শান্ত করে তার নানির কাছে রেখে যায়।
পরদিন প্রস্রাবের সময় ব্যথায় শিশুটি চিৎকার করলে পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পারেন। পরে তাকে চিকিৎসার জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকের পরামর্শে পরিবারের পক্ষ থেকে সিদ্ধিরগঞ্জ থানায় অভিযোগ করা হয়।
সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরির্দক (এসআই) মো. অলিউল্লাহ জানান, এ ঘটনায় বৃহস্পতিবার রাতে মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।



















