সিদ্ধিরগঞ্জে কাভার্ড ভ্যানের সঙ্গে লেগুনার ধাক্কায় যাত্রী নিহত
- আপডেট সময় : ০১:৪১:১১ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬
- / ১১

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যানের পেছনে লেগুনার ধাক্কায় শাহাদাত হোসেন (৩৫) নামে এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।
শুক্রবার (২৮ আগস্ট) ভোর ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী লেনে সানারপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ টিআই মো. জুলহাস উদ্দিন জানান, মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা ঢাকা মেট্রো-ট-২০-৩৩৬৬ নম্বরের একটি কাভার্ড ভ্যানকে পেছন থেকে নারায়ণগঞ্জ-চ-১১-০২৪০ নম্বরের একটি লেগুনা সজোরে ধাক্কা দেয়। এতে লেগুনার চালকের বাম পাশে বসা শাহাদাত হোসেন নামে এক যাত্রী ঘটনাস্থলেই মারা যান। এ সময় আরও একজন আহত হন।
দুর্ঘটনার পর লেগুনার চালক গাড়িটি ফেলে পালিয়ে যান। স্থানীয়রা আহত ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান।
পরে হাইওয়ে পুলিশের রেকারের মাধ্যমে দুর্ঘটনাকবলিত কাভার্ড ভ্যান ও লেগুনা উদ্ধার করে শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পে হেফাজতে রাখা হয়েছে।
পুলিশ জানায়, নিহত শাহাদাত হোসেনের বিস্তারিত পরিচয় জানার চেষ্টা চলছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।



















