সিদ্ধিরগঞ্জে ৬ বছরের শিশুকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ
- আপডেট সময় : ১১:১৩:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
- / ৫৭

প্রতিদিনের নিউজ:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দক্ষিণ আজিবপুর সরদারপাড়া মসজিদসংলগ্ন এলাকায় ছয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আমির (৪০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা চেয়ে সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত আবেদন করেছেন শিশুটির বাবা।
ভুক্তভোগী শিশুর পিতা জানান, গত ২৫ জুন তিনি ও পরিবারের অন্য সদস্যরা বাড়িতে না থাকার সুযোগে আমির তাদের ঘরে প্রবেশ করেন। এ সময় বাড়িতে একা থাকা তার ছয় বছরের মেয়ের ওপর জোরপূর্বক শারীরিক নির্যাতন ও ধর্ষণ করা হয়েছে।
তিনি বলেন, পরিবারের সদস্যরা বাড়িতে ফিরে শিশুটিকে কান্নাকাটি করতে দেখেন। পরে শিশুর কাছ থেকে বিষয়টি জানতে পারেন পরিবারের সদস্যরা। ঘটনার পর থেকে শিশুটি মানসিকভাবে ভেঙে পড়েছে এবং তার স্বাভাবিক শারীরিক ও মানসিক অবস্থায় নেতিবাচক প্রভাব পড়েছে বলেও জানান তিনি।
তিনি আরও জানান, ঘটনার পর আমির এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যান। পরবর্তীতে অভিযুক্তের পরিবারের সদস্যদের কাছে বিষয়টি জানিয়ে বিচার চাইতে গেলে তারা বিষয়টি স্বীকার না করে উল্টো তাদের সঙ্গে খারাপ আচরণ করেন বলে অভিযোগ করেন তিনি।
এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তিনি।
এবিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মোহাম্মদ এমদাদুল হক বলেন, এই ঘটনার বিষয় এখনো কোন অভিযোগ পাই নাই। পেলে ঘটনা সত্যতা যাচাই করে আইনগত ব্যবস্থা নেওয়া করা হবে।


















