প্রতারণার মাধ্যমে অভিভাবক প্রতিনিধি হয়ে শিক্ষক কর্মচারীদের কে হেনস্তার অভিযোগ
- আপডেট সময় : ০৩:২০:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
- / ৫৩

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি:
নোয়াখালীর চাটখিল উপজেলার তালতলা আদর্শ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটিতে প্রতারণার মাধ্যমে তথ্য গোপন করে অভিভাবক হয়ে সদস্য হয়ে শিক্ষক কর্মচারীদের কে বিভিন্নভাবে হেনস্থা করার অভিযোগ উঠেছে। এ ব্যাপারে স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি ও চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমানের নিকট বিদ্যালয় এর সহকারী প্রধান শিক্ষকসহ ৭ জন শিক্ষক গত সোমবার বিকেলে অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে জানা যায়, প্রতারণার মাধ্যমে তথ্য গোপন করে সম্প্রতি মোঃ শামসুল ইসলাম তালতলা আদর্শ উচ্চ বিদ্যালয় এর অভিভাবক প্রতিনিধি নির্বাচিত হন। অভিভাবক প্রতিনিধি হওয়ার পর থেকে তিনি বিদ্যালয়ে এসে প্রতিনিয়ত বিভিন্ন অজুহাতে শিক্ষক কর্মচারীদের কে হেনস্তা করছেন, যা শিক্ষক কর্মচারীদের জন্য অত্যন্ত অসম্মানের।
২০২৪ সালের প্রজ্ঞাপন অনুযায়ী বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচিত হতে হলে বিদ্যালয়ের ছাত্র অথবা ছাত্রীর পিতা অথবা মাতা হতে হবে। ওই ছাত্রের যদি পিতা-মাতা জীবিত না থাকেন তাহলে তার আইনগত অভিভাবক অভিভাবক প্রতিনিধি নির্বাচিত হতে পারবেন। কিন্তু মোঃ শামসুল ইসলাম অত্র বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী জান্নাতুল মাওয়া রাহির অভিভাবক হিসেবে অভিভাবক প্রতিনিধি নির্বাচিত হয়েছেন। প্রজ্ঞাপন অনুযায়ী যা সম্পূর্ণ অবৈধ, তিনি প্রতারণার মাধ্যমে এই কাজটি করেছেন। রাহির বাবা গোলাম মাওলা রতন এবং মা রুবি আফরোজ উভয়ে জীবিত আছেন। এ ব্যাপারে মোহাম্মদ শামসুল ইসলাম এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য স্কুলের সহকারী প্রধান শিক্ষক সহ সাতজন শিক্ষক এবং কর্মচারীরা জোর দাবি জানিয়েছেন।
এই বিষয়ে মোঃ শামসুল ইসলামের সাথে কথা বললে তিনি তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, ছাত্রীটির বাবা ইতালিতে থাকায় এবং ছাত্রীটির মা পর্দাশীল হওয়ায় আমি অভিভাবক প্রতিনিধি হয়েছি, এটা আইনে কোনো বাধা নেই।
এই ব্যাপারে চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমানের সাথে কথা বললে তিনি জানান, এ বিষয়ে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


















