প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ, গর্ভপাতের পর ৪০ হাজার টাকায় মীমাংসার চেষ্টা!
- আপডেট সময় : ০৬:০৯:৩৩ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
- / ২৭

মতলব (চাঁদপুর) প্রতিনিধি:
চাঁদপুরের মতলব উত্তরের ইসলামাবাদ ইউনিয়নের তিতারকান্দি গ্রামে ১৬ বছর বয়সী এক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে একই গ্রামের মাছ ব্যবসায়ী পরিমল চন্দ্রের বিরুদ্ধে। ঘটনার পর স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা এবং কিশোরীর পরিবারকে ৪০ হাজার টাকা দেওয়ার অভিযোগও উঠেছে। বর্তমানে অভিযুক্ত পরিমল চন্দ্র পলাতক রয়েছেন।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, কয়েক মাস আগে পরিমল চন্দ্র ওই কিশোরীকে তার ঘরে ডেকে নিয়ে দরজা বন্ধ করে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করেন বলে অভিযোগ। পরে তাকে ১০০ টাকা দিয়ে বিষয়টি কাউকে না জানানোর জন্য ভয় দেখানো হয় বলে পরিবারের দাবি।
সম্প্রতি কিশোরীর শারীরিক পরিবর্তন লক্ষ্য করে তার মা বিষয়টি জানতে চাইলে সে ঘটনার কথা পরিবারের কাছে জানায়। এরপর বিষয়টি জানাজানি হলে স্থানীয়ভাবে মীমাংসার উদ্যোগ নেওয়া হয় বলে অভিযোগ রয়েছে। পরিবারের দাবি, কিশোরীর গর্ভের সন্তান নষ্ট করার জন্য অভিযুক্ত পরিমল চন্দ্র তার বাবা সুজন সরকারের হাতে ৪০ হাজার টাকা দেন। পরে কিশোরীকে ঢাকায় নিয়ে গিয়ে গর্ভপাত করানো হয়েছে বলেও পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী কিশোরীর নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিত করতে দ্রুত আইনগত পদক্ষেপের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
ভুক্তভোগীর বাবা সুজন সরকার একজন প্রতিবন্ধী। নৌকায় মানুষ পারাপার করে কোনো রকমে সংসার চালান তিনি। এক ছেলে ও দুই প্রতিবন্ধী মেয়েকে নিয়ে জরাজীর্ণ একটি ঘরে তাদের বসবাস। মেয়ের সঙ্গে এমন ঘটনা ঘটায় তিনি অভিযুক্তের বিচার দাবি করেছেন।
কিশোরীর মামাতো ভাই ভোজন সরকার বলেন, ঘটনাটি জানাজানি হওয়ার পর স্থানীয়ভাবে মীমাংসার উদ্যোগ নেওয়া হয়েছিল। সুষ্ঠু সমাধান না হলে আমরা আইনগত ব্যবস্থা নেব।
স্থানীয় ইউপি সদস্য রণজিৎ জানান, বিষয়টি আমি আগে জানতাম না। জানার পর আজ বিকেলে বসার কথা ছিল। কিন্তু এর আগেই সাংবাদিক ও পুলিশ ঘটনাস্থলে এসেছে। এখন আইনগতভাবে যা হওয়ার, সেটিই হবে। এদিকে ঘটনার পর থেকে অভিযুক্ত পরিমল চন্দ্র পলাতক থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব জানান, সাংবাদিকদের কাছ থেকে বিষয়টি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।














