পূর্ব ফতেপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রবিন্দু তৌফিক আজিম মিশু
- আপডেট সময় : ১২:৫০:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
- / ১৪

নিজস্ব প্রতিবেদক :
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ১০নং পূর্ব ফতেপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে শুরু হয়েছে আলোচনা। এরই মধ্যে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মুখে মুখে উচ্চারিত হচ্ছে উপজেলা বিএনপির সহ-ছাত্র বিষয়ক সম্পাদক এবং উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. তৌফিক আজিম মিশুর নাম।
দীর্ঘদিন ধরে রাজপথের আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করে আসা এই তরুণ নেতা দলের দুঃসময়ে বিভিন্ন কর্মসূচিতে সাহসী ও দৃঢ় অবস্থানের জন্য পরিচিত। ছাত্ররাজনীতি থেকে উঠে আসা তৌফিক আজিম মিশু স্থানীয় পর্যায়ে একজন কর্মীবান্ধব ও জনসম্পৃক্ত নেতা হিসেবে ইতোমধ্যে নিজস্ব অবস্থান তৈরি করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি সামাজিক ও মানবিক বিভিন্ন উদ্যোগেও নিয়মিত অংশগ্রহণ করেন তিনি। এলাকার যুবসমাজকে সংগঠিত করা, শিক্ষা ও ক্রীড়াঙ্গনে সহযোগিতা প্রদান এবং সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে দাঁড়ানোর কারণে ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছে তিনি জনপ্রিয়তা অর্জন করেছেন।
স্থানীয় বাসিন্দারা মনে করছেন, তরুণ নেতৃত্বের প্রতীক হিসেবে তৌফিক আজিম মিশু চেয়ারম্যান পদে নির্বাচন করলে ইউনিয়নের উন্নয়ন কর্মকাণ্ডে নতুন গতি আসতে পারে। বিশেষ করে আধুনিক ও জনবান্ধব ইউনিয়ন গঠনে তার পরিকল্পনা ও নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে তারা আশা প্রকাশ করেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ছাত্রদল ও বিএনপির তৃণমূল পর্যায়ে শক্ত অবস্থান, দীর্ঘ সাংগঠনিক অভিজ্ঞতা এবং তরুণ ভোটারদের মধ্যে গ্রহণযোগ্যতার কারণে পূর্ব ফতেপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থীদের তালিকায় শক্ত অবস্থানে রয়েছেন তৌফিক আজিম মিশু।
এ বিষয়ে তৌফিক আজিম মিশু বলেন, আমি সবসময় জনগণের পাশে থেকে কাজ করার চেষ্টা করেছি। দল ও এলাকার মানুষ যদি আমাকে দায়িত্ব দেওয়ার উপযুক্ত মনে করেন, তাহলে ইউনিয়নের উন্নয়ন, সুশাসন ও জনগণের কল্যাণে নিজেকে সর্বোচ্চভাবে নিয়োজিত রাখব।
ইতোমধ্যে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে তার সম্ভাব্য প্রার্থিতা নিয়ে আলোচনা শুরু হয়েছে। ফলে আসন্ন নির্বাচনকে ঘিরে ১০নং পূর্ব ফতেপুর ইউনিয়নের রাজনৈতিক সমীকরণে তৌফিক আজিম মিশু এখন অন্যতম আলোচিত নাম।



























