আত্মীয়ের বাড়িতে গিয়ে সন্ত্রাসী হামলায় নারীসহ ৩ জন আহত
- আপডেট সময় : ০৯:১৮:০৭ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬
- / ২৫

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি :
নোয়াখালীর চাটখিল পৌরসভার দশানী টবগা দুলা মিয়া পন্ডিত বাড়ির কবির হোসেন এর স্ত্রী শাহনাজ আক্তার মুন্নী (৪০) তার স্বামী কবির হোসেন (৪৫) ছেলে শ্রাবন (২২) সহ তাদের আত্মীয় বাইশসিন্দুর বিল্লাল হোসেন এর নতুন বাড়িতে যায়। সেখানে পূর্ব শত্রুতার জের ধরে তাদের উপর সন্ত্রাসী হামলা চালিয়ে তাদের কে আহত করে এবং আটআনা ওজনের একটি স্বর্ণের চেইন ও ২টি মোবাইল ফোন নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। এই ব্যাপারে শাহনাজ আক্তার মুন্নী বাদী হয়ে ৫ জনকে আসামী করে গত মঙ্গলবার সন্ধ্যায় চাটখিল থানায় অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে জানা যায়, শাহনাজ আক্তার মুন্নী গত সোমবার বিকেলে তার স্বামী সন্তানসহ তার ননদের বাইশিসিন্দুরের বাড়িতে যায়। সেখানে পূর্ব শত্রুতার জের ধরে মোঃ হান্নান (৪২) আলেয়া বেগম (৩৮) কুলসুম বেগম (৬৫) আলতাফ হোসেন দুলাল (৭০) ও মোঃ রুবেল (৩০) তাদের উপর হামলা চালিয়ে তাদেরকে এলোপাতাড়ি মারধর করে আহত করে। এ সময় হামলাকারীরা শাহনাজ আক্তার মুন্নীর গলায় থাকা একটি স্বর্ণের চেইন ও ২টি মোবাইল ফোন নিয়ে যায়। তাদের শোর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাদেরকে উদ্ধার করে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। অন্যদিকে মুন্নীর এক আত্মীয় জানান, মুন্নীর অবস্থা গুরুতর হওয়ায় তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে।
এই ব্যাপারে অভিযোগ তদন্তকারী কর্মকর্তা চাটখিল থানার এস আই গুপি নার্থ এর সাথে যোগাযোগ করলে তিনি জানান, ঘটনার তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


























