সিদ্ধিরগঞ্জে চাঁদাবাজীর প্রতিবাদ করায় যুবদল নেতাকে হত্যার হুমকি
- আপডেট সময় : ০৯:৪৫:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬
- / ৩৪৪

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে চাঁদাবাজীর প্রতিবাদ করায় মহানগর যুবদলের সদস্য মো. শহিদুল ইসলাম (৪৫) কে হত্যার হুমকির অভিযোগ উঠেছে নুরুদ্দিন (৪৭) নামে এক কথিত বিএনপি নেতার বিরুদ্ধে।
এ ঘটনায় মঙ্গলবার (৫ মে) সিদ্ধিরগঞ্জ থানায় সাধারণ ডায়েরী করেছেন ভুক্তভোগী যুবদল নেতা মো. শহিদুল ইসলাম। সিদ্ধিরগঞ্জ থানার জিডি নং-৩৪০। হুমকিদাতা নুরুদ্দিন এলাকার চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদকসেবী বলে জানা গেছে।
অভিযুক্ত নুরুদ্দিন সিদ্ধিরগঞ্জের মিজমিজি বাতেনপাড়া ক্যানেলপাড় এলাকার মৃত রাজ্জাকের ছেলে।
সাধারণ ডায়েরীতে যুবদল নেতা শহিদুল ইসলাম উল্লেখ করেন, এলাকার চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদকসেবী নুরুদ্দিন বিএনপির নাম ভাঙ্গিয়ে বিভিন্ন ধরণের অপকর্ম করে আসছে। আমি বাংলাদেশ জাতিয়তাবাদী যুবদল নারায়ণগঞ্জ মহানগরের ২নং সদস্য ও নাসিক ১নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী হওয়ায় এলাকার লোকজন বিষয়টি আমাকে জানায়। পরে এলাকার লোকজনদের নিয়ে তার বিভিন্ন ধরণের অপকর্মে বাধা প্রদান করি। এতে সে ক্ষিপ্ত হয়ে গত সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় আমার ছোট ভাই মাইদুল ইসলামের বাতেনপাড়া বাঁশবাড়ী রেস্টুরেন্ট রোড চার রাস্তার মোড়ের বাসার নিচে আমার অফিসে গিয়ে আমাকে হত্য করে আমার মৃতদেহ গুম করে দিবে বলে সবার সম্মুখে হুমকি দিয়ে চলে যায়।
রহমতনগর এলাকার ভুক্তভোগী জামান মোল্লা জানান, নুরুদ্দিন বিএনপি এবং নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের নাম ভাঙ্গিয়ে রহমতনগর এলাকা থেকে চাঁদা নেয়। গতকাল আমার বাড়িতে এসে দাবাীকৃত চাঁদা না পেয়ে নির্মাণ কাজ বন্ধ করে দেয় এবং আমাকে ও আমার শ্রমিকদেরকে মারধর করতে আসে। এসময় আমি যুবদল নেতা শহিদুল ইসলামকে বিষয়টি অবগত করি। তখন ওনি এসে পুনরায় আমার কাজ চালু করে দেয়। এসময় তারা শহিদুল ইসলামকে কিছু করতে না পেরে তার অফিসে গিয়ে হুমকি-ধামকি দিয়ে আসে। তারা আমার কাছে মোটা অংকের চাঁদা দাবী করে। আমি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা বলে আমরা নির্মাণ সামগ্রী দিব। এভাবে এলাকার সাধারণ মানুষকে তারা বিএনপির নাম ভাঙ্গিয়ে জিম্মি করে চাঁদাবাজী করে আসছে। আমরা তাদের অত্যাচারে অতিষ্ট।
এ ব্যাপারে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) গাজী মাহতাব উদ্দিন জানান, এ ঘটনায় একটি জিডি হয়েছে। তদন্ত পূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


























