নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন মাহমুদ
- আপডেট সময় : ০৮:২৪:১১ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬
- / ৯৪

প্রতিদিনের নিউজ :
নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক মামুন মাহমুদকে নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। এছাড়াও দেশের আরও ৪১টি জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার।
রোববার স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, ‘জেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’-এর ধারা ৩ দ্বারা জেলা পরিষদ আইন, ২০০০-এ সন্নিবেশিত ধারা ৮২ক(১) মোতাবেক নিম্নবর্ণিত ব্যক্তিদেরক পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত তাদের নামের পার্শ্বে উল্লিখিত জেলা পরিষদের পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ প্রদান করা হলো।
স্থানীয় সরকার বিভাগের প্রজ্ঞাপনে আরও বলা হয়, নিয়োগ করা প্রশাসকরা ‘জেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’-এর ধারা ৩ দ্বারা জেলা পরিষদ আইন, ২০০০-এ সন্নিবেশিত ধারা ৮২ক(৩) অনুযায়ী জেলা পরিষদের চেয়ারম্যানের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। তারা বিধি মোতাবেক ভাতা প্রাপ্য হবেন। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে বলা হয়।
জানা যায়, বিগত ১৭ বছর আওয়ামী লীগ সরকারের সময় আন্দোলন সংগ্রামে ব্যাপক ভূমিকা পালন করেন মামুন মাহমুদ। মামুন মাহমুদ একাধিকবার কারাবন্দী ও নির্যাতনের শিকার হন।
এদিকে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক মামুন মাহমুদকে জেলা পরিষদের প্রশাসক নিয়োগ দেওয়ায় তার অনুসারীদের মধ্যে ব্যাপক আনন্দ ও উদ্দীপনা দেখা দিয়েছে।
বিএনপি নেতাকর্মীরা বলেন, বিভিন্ন আন্দোলন সংগ্রামে অধ্যাপক মামুন মাহমুদের নেতৃত্বে আওয়ামী লীগের বিরুদ্ধে রাজপথে ছিলাম। বারবার জেল জুলুমের শিকার হয়েছে। নারায়ণগঞ্জ আন্দোলন সংগ্রামের মহানায়ক ছিলেন মামুন মাহমুদ।
তারা আরও বলেন, মামুন মাহমুদকে জেলা পরিষদের প্রশাসক করায় বর্তমান বিএনপির সরকার মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আগামীতে অধ্যাপক মামুন মাহমুদকে আরও উচ্চ পদে পদস্থ করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি অনুরোধ জানাই।
নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেন, “আমার প্রাণের দল বিএনপির সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আমার ব্যাপারে যে সিদ্ধান্ত নেবেন আমি তাতেই খুশি। আগামীতে দেশের উন্নয়নের স্বার্থে তারেক রহমানের হাতকে আরো শক্তিশালী করব।”



























