যাত্রীবাহী গাড়ি থেকে ৩২০০ কেজি জব্দ জাটকা গেল এতিমখানায়
- আপডেট সময় : ০৪:৩২:৫৯ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬
- / ১০৬

মমিনুল ইসলাম:
জাটকা রক্ষা অভিযানের অংশ হিসেবে চাঁদপুরের মতলব উত্তরে যাত্রীবাহী গাড়ি থেকে বিপুল পরিমাণ জাটকা উদ্ধার করেছে মৎস্য বিভাগ ও বাংলাদেশ কোস্টগার্ডের যৌথ টিম।
সোমবার (১২ জানুয়ারি) দিবাগত রাত ৩টা থেকে সকাল ৮টা পর্যন্ত পরিচালিত এই অভিযানে ৩২০০ কেজি (৩.২ মেট্রিক টন) জাটকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত জাটকাগুলো পরবর্তীতে বিভিন্ন এতিমখানা ও দুস্থ মানুষের মাঝে বিতরণ করা হয়েছে।
অভিযানে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার বিজয় কুমার দাস, বাংলাদেশ কোস্টগার্ড মোহনপুর আউটপোস্টের কন্টিনজেন্ট কমান্ডার এম. সানোয়ার হক এবং মৎস্য অফিসের অভয় আশ্রম পাহারাদার ইমাম হোসেন।
এ সময় সিনিয়র উপজেলা মৎস্য অফিসার বিজয় কুমার দাস বলেন, ইলিশের উৎপাদন বাড়াতে জাটকা সংরক্ষণ অত্যন্ত জরুরি। অবৈধভাবে জাটকা পরিবহন ও বিক্রি বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। আজকের অভিযানে উদ্ধারকৃত জাটকা দুস্থ মানুষের মাঝে বিতরণ করে আমরা একদিকে মানবিক দায়িত্ব পালন করেছি, অন্যদিকে অবৈধ ব্যবসায়ীদের জন্য একটি শক্ত বার্তা দিয়েছি।
তিনি আরও জানান, মেঘনা নদী ও আশপাশের এলাকায় জাটকা নিধন রোধে মৎস্য বিভাগ, কোস্টগার্ড ও নৌ পুলিশের সমন্বয়ে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



























