মতলব উত্তরে মেঘনায় কম্বিং অপারেশনে অবৈধ জাল-চাঁই ধ্বংস ও জাগ উচ্ছেদ
- আপডেট সময় : ০৫:৫৩:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬
- / ৭৯

মমিনুল ইসলাম :
ইলিশের প্রধান প্রজনন ও বিচরণস্থল জাতীয় নদী মেঘনায় অবৈধ মাছ শিকারের বিরুদ্ধে ‘বিশেষ কম্বিং অপারেশন’ এর অংশ হিসেবে অভিযান পরিচালনা করেছে মৎস্য বিভাগ।
বৃহস্পতিবার (০১ জানুয়ারি) ভোরে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মেঘনা নদীর নাসিরারচর এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৫০টি রিংচাই, ৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয় এবং নদীর মাঝখানে স্থাপিত অবৈধ ২টি জাগ উচ্ছেদ করা হয়।
অভিযানটি পরিচালনা করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস। উপস্থিত ছিলেন মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির এসআই মো. কালাম।
অভিযান সম্পর্কে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস বলেন, ইলিশ আমাদের জাতীয় সম্পদ। এই সম্পদ রক্ষায় সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। অবৈধ জাল ব্যবহারকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযানের পাশাপাশি বিশেষ কম্বিং অপারেশন চলমান থাকবে। কেউই আইন ভঙ্গ করে নদীতে অবৈধভাবে মাছ শিকার করতে পারবেন না।
তিনি আরও বলেন, জাটকা সংরক্ষণে সকল জেলে, নৌযান চালক ও নদী তীরের জনগণকে আরও সচেতন হতে হবে। প্রয়োজন হলে আইনগত ব্যবস্থা আরও কঠোর করা হবে।
মৎস্য বিভাগ জানায়, অবৈধ কারেন্ট জাল দিয়ে মাছ ধরায় নদীর পরিবেশ ও মৎস্যসম্পদ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তাই এসব বিধিনিষিদ্ধ জাল নির্মূল করতে নদীজুড়ে নজরদারি বৃদ্ধি করা হয়েছে।



























