বেগম খালেদা জিয়া স্মৃতি টুনামেন্টে মতলর পৌর একাদশকে হারিয়ে ইলিয়টগঞ্জের জয়
- আপডেট সময় : ০৫:৫৭:১৪ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬
- / ২৫

মতলব দক্ষিণ প্রতিনিধি:
বেগম খালেদা জিয়া স্মৃতি মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালের শেষ ম্যাচে মতলব পৌরসভা একাদশকে ১-০ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে ইলিয়টগঞ্জ বাদল রায় একাডেমি।
শুক্রবার (২৮ আগস্ট) মতলব দক্ষিণ উপজেলার আশ্বিনপুর স্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত উত্তেজনাপূর্ণ ম্যাচে মুখোমুখি হয় মতলব পৌরসভা একাদশ ও গৌরীপুর বাদল রায় একাডেমি।
খেলার শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে মতলব পৌরসভা একাদশ। একের পর এক আক্রমণ ও পাল্টা আক্রমণে জমে ওঠে ম্যাচ। প্রথমার্ধে উভয় দলই বেশ কয়েকটি সুযোগ তৈরি করলেও গোলের দেখা পায়নি। ফলে গোলশূন্য সমতায় শেষ হয় প্রথমার্ধ।
দ্বিতীয়ার্ধেও মাঠের নিয়ন্ত্রণ অনেকটাই নিজেদের দখলে রাখে মতলব পৌরসভা একাদশ। দলের খেলোয়াড়রা বেশ কয়েকবার প্রতিপক্ষের রক্ষণভাগে আক্রমণ তৈরি করলেও কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি। ম্যাচের শেষ মুহূর্তে উত্তেজনা আরও বেড়ে যায়।
খেলা শেষ হওয়ার মাত্র তিন মিনিট আগে গৌরীপুর বাদল রায় একাডেমির খেলোয়াড় ইকবাল সুযোগ কাজে লাগিয়ে গোল করে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন। গোল পরিশোধে মরিয়া হয়ে ওঠে মতলব পৌরসভা একাদশ। এর কিছুক্ষণ পর গোল করার সহজ একটি সুযোগ পেয়েও তা কাজে লাগাতে ব্যর্থ হন দলের স্ট্রাইকার নিপু। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে গৌরীপুর বাদল রায় একাডেমি।
ম্যাচে পরাজিত হলেও পুরো খেলায় দুর্দান্ত পারফরম্যান্স দেখায় মতলব পৌরসভা একাদশ। দলটি ম্যাচের বড় একটি সময় বলের নিয়ন্ত্রণ নিজেদের কাছে রেখে বেশ কয়েকটি কার্যকর আক্রমণ তৈরি করে। তবে গোলের সুযোগ কাজে লাগাতে না পারায় শেষ পর্যন্ত পরাজয় মেনে নিতে হয় তাদের। মাঠে উপস্থিত দর্শকদের মন জয় করলেও জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি মতলব পৌরসভা একাদশ।
মতলব পৌরসভা একাদশের টিম ম্যানেজার ফয়সাল খন্দকার বলেন, “আমাদের দল পুরো ম্যাচে ভালো খেলেছে এবং বেশ কয়েকটি গোলের সুযোগ তৈরি করেছিল। দুর্ভাগ্যজনকভাবে আমরা সুযোগগুলো কাজে লাগাতে পারিনি। ফুটবলে গোলই শেষ কথা। শেষ মুহূর্তে একটি গোল হজম করে ম্যাচটি হারতে হয়েছে। খেলোয়াড়দের পারফরম্যান্সে আমরা সন্তুষ্ট। এই ম্যাচ থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে আরও ভালো করার চেষ্টা করব।”
মাদক থেকে যুবসমাজকে দূরে রেখে খেলাধুলার প্রতি তরুণদের আগ্রহী করে তোলার লক্ষ্যে আয়োজিত এ টুর্নামেন্টকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। আশ্বিনপুর স্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালের শেষ ম্যাচটিও উপভোগ করতে বিপুলসংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।



















