সৎ মেয়েকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
- আপডেট সময় : ০৫:৪০:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬
- / ৪৫

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ১৪ বছর বয়সী এক কিশোরীকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে তার সৎ বাবা মো. মহসিনকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২৯ আগস্ট) নাসিক ৩নং ওয়ার্ডের নিমাইকাশারী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মহসিন কুমিল্লার দেবিদ্বার থানার বল্লবপুর এলাকার মো. ময়নাল হোসেন প্রকাশ মনু মিয়ার ছেলে। তিনি সিদ্ধিরগঞ্জের নিমাইকাশারী এলাকায় আনিছুর রহমানের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।
মামলার এজাহারে ভুক্তভোগীর ভাই মো. নাঈম মিয়া উল্লেখ করেন, কিশোরীটি তার দত্তক নেওয়া বোন। বাবার মৃত্যুর পর তার মা অন্যত্র বিয়ে করেন এবং প্রায় দুই বছর আগে মেয়েকে নিজের কাছে নিয়ে যান। এরপর থেকে কিশোরীটি তার মা ও সৎ বাবার সঙ্গেই বসবাস করছিল। অভিযোগে বলা হয়, গত প্রায় এক মাস ধরে সৎ বাবা মহসিন তাকে ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে আসছিলেন।
সর্বশেষ গত ২৫ আগস্ট বিকেলে ভুক্তভোগীর মা কাজের জন্য বাসার বাইরে গেলে ফাঁকা বাসায় অভিযুক্ত কিশোরীটিকে ধর্ষণ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। পরে কিশোরী ঘটনাটি তার দত্তক পরিবারের সদস্যদের জানায়। বিস্তারিত জানার পর পরিবারের লোকজন স্থানীয়দের সহায়তায় থানায় গিয়ে মামলা দায়ের করেন।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বলেন, ভুক্তভোগীর ভাইয়ের করা অভিযোগ আমলে নিয়ে মামলা রুজু করে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।##




















