চাটখিলে মাদক কারবারিদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে থানা পুলিশে অভিযোগ করেও কোন লাভ হচ্ছে না বলে দাবি স্থানীয়দের
- আপডেট সময় : ০৫:৫৮:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
- / ২৫

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি:
নোয়াখালীর চাটখিল পৌরসভা সহ উপজেলার ৯টি ইউনিয়নে মাদক কারাবারিদের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এতে করে কিশোর ও যুবকেরা হাতের নাগালে ইয়াবাসহ মাদকদ্রব্য সহজে পাওয়ায় মাদকাসক্ত হচ্ছে এবং অনেক মাদকসেবী মাদকের টাকা জোগাড় করতে না পেরে পরিবারের লোকজনকে বিভিন্নভাবে হেনস্তা করছে। পাশাপাশি ছুরি ডাকাতি করারও অভিযোগ রয়েছে অনেকের বিরুদ্ধে। এসব মাদক বিক্রেতা ও সেবীদের বিরুদ্ধে থানা পুলিশে অভিযোগ করেও কোনো লাভ হচ্ছে না বলে স্থানীয় অনেকেই অভিযোগ করেন।
খোঁজ নিয়ে যায়, চাটখিল পৌরসভায় থানা পুলিশের নাকের ডগায় সুন্দরপুর, বদলকোট রোড, মনগাজী ব্যাপারী বাড়ীর সামনে, ধামালিয়া, সেন্ট্রাল হাসপাতালের সামনে সহ পৌর এলাকার বিভিন্ন স্থানে প্রকাশ্যে ইয়াবাসহ মাদক বিক্রি হচ্ছে। অপরদিকে উপজেলার ১নং সাহাপুর ইউনিয়নের ৪, ৫ ও ৬নং ওয়ার্ড তথা প্রসাদপুর, গোপাইরবাগ ও শিবরামপুর, ২নং রামনারায়নপুর ইউনিয়নের নেচারমার পোল, মল্লিকা দীঘির পাড় সংলগ্ন পূর্বপাশে, ৩নং পরকোট ইউনিয়নের মুন্সী রাস্তা, বাইশসিন্দুর, ৪নং বদলকোট ইউনিয়নের ফলোয়ান বাড়ির সামনে, পশ্চিম বদলকোট, দক্ষিণ বদলকোট, মেঘা, মানিকপুর, মুরাইম, ৫নং মোহাম্মদপুর ইউনিয়নের যশোড়া, কালিরহাট, ৬নং পাঁচগাঁও ইউনিয়নের পল্লী বিদ্যুৎ রাস্তার উত্তর পাশে, পাঁচগাঁও সদাগর পাড়া, নিজ ভাওর, ইয়াজান খলিফার বাড়ি, চেরাং এর পোল, লামচর মধ্য অংশ, উত্তর ভাওর, মিনার মসজিদ সংলগ্ন স্থান, ৭নং হাটপুকুরিয়া ঘাটলাবাগ ইউনিয়নের কালিতলা, বক্তারপুর মোল্লার হাটখলা বাজারে, ৮নং নোয়াখলা ইউনিয়নের পাঠান বাড়ির চৌরাস্তা, ওয়ালি ভূইয়া বাড়ির পূর্বপাশে ও ৯নং খিলপাড়া ইউনিয়নের শংকরপর আদি বাড়ির সামনে, খোনার বাড়ির সামনে, আমতলা খিরিহাটি, শংকরপুর বাদাম গাছতলা, ইটপুকুরিয়া, ওমরপুর এসব এলাকায় মাদকে ভরে গেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক অনেকেই জানান, চাটখিলের চিহ্নিত বড় বড় মাদক কারবারিরা যারা পুরো উপজেলায় মাদক সরবরাহ করে থাকে তাদের সাথে থানা পুলিশের সখ্যতা রয়েছে, তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেওয়া হচ্ছে না। মাঝে মধ্যে লোভ দেখানো কিছু অভিযান চালিয়ে ছোটখাটো কারবারিদের আটক করে থাকে। বড় বড় রাঘভবোয়ালরা ধরা ছোয়ার বাইরে থেকে যায়। তাদের থেকে মাসেহারা নেওয়ার অভিযোগ রয়েছে স্থানীয়দের। এছাড়াও অনেকেই অভিযোগ করে বলেন, চিহ্নিত মাদক কারবারিদের সম্পর্কে পুলিশের কাছে অভিযোগ করলেও পুলিশ এটা আমলে নিচ্ছে না। এলাকাবাসী অবিলম্বে চাটখিলে মাদক নির্মূলের জন্য পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষ এবং র্যাব এর হস্তক্ষেপ কামনা করেছেন।
এই বিষয়ে চাটখিল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল মোন্নাফ এর সাথে যোগাযোগ করলে তিনি বলেন, পুলিশ সদস্যদের কেউ যদি মাদক কারবারিদের সাথে সখ্যতা থাকে মাসেহারা আদায় করে থাকেন তাহলে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন মাদক নির্মূলের জন্য আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

























