সিদ্ধিরগঞ্জে দুই বছরেও শনাক্ত হয়নি হত্যাকারী: স্বপ্না হত্যার বিচার দাবি
- আপডেট সময় : ০৫:৫২:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
- / ১০

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অষ্টম শ্রেণির ছাত্রী স্বপ্না হত্যাকাণ্ডের দুই বছর পেরিয়ে গেলেও প্রকৃত অপরাধীরা শনাক্ত না হওয়ায় ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছে তার পরিবার। ঘটনার সুষ্ঠু পুনঃতদন্ত, খুনিদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে বৃহস্পতিবার, ২৫ জুন দুপুরে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছেন তারা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে স্বপ্নার মা নেহা জানান, ২০২৪ সালের ৩০ এপ্রিল সকালে স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে নিখোঁজ হয় আদমজী নগর এমডব্লিউ স্কুলের শিক্ষার্থী স্বপ্না। ২ মে দুপুরে বাড়ির পাশের একটি পরিত্যক্ত স্থান থেকে তার প্লাস্টিকের বস্তাবন্দি বিকৃত মরদেহ উদ্ধার করা হয়। পরে স্কুল ড্রেস দেখে মরদেহ শনাক্ত করেন বাবা মোহাম্মদ খোকা।
পরিবারের অভিযোগ, মরদেহ উদ্ধারের পর সিদ্ধিরগঞ্জ থানার তৎকালীন এক পুলিশ কর্মকর্তা নিহতের মা-বাবাকেই সন্দেহভাজন হিসেবে আটকে রেখে জিজ্ঞাসাবাদ ও মানসিক নির্যাতন করেন।
ঘটনার পর র্যাব-১১ এবং পরবর্তীতে সিআইডি মামলাটির তদন্ত ভার নিলেও দীর্ঘ দুই বছরে দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি।
সংবাদ সম্মেলনে কান্নায় ভেঙে পড়ে স্বপ্নার মা বলেন, দুই বছর ধরে বিচারহীনতার যন্ত্রণা নিয়ে দিন কাটাচ্ছি। আমরা এই হত্যাকাণ্ডের পুনঃতদন্ত এবং খুনিদের সর্বোচ্চ শাস্তি চাই।
এ বিষয়ে নারায়ণগঞ্জ সিআইডির অতিরিক্ত ডিআইজি জাকির হোসেন জানান, ঘটনাটি নিয়ে সিআইডি গুরুত্বের সাথে কাজ করছে। অপরাধীদের চিহ্নিত করার চেষ্টা চলছে, তদন্ত শেষ হলেই আদালতে প্রতিবেদন দাখিল করা হবে।

























