ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগ দিলেন আতিকুর রহমান নান্নু মুন্সী
- আপডেট সময় : ০৯:৩২:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
- / ৩২

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:
বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও নারায়ণগঞ্জ জেলা আমীর আলহাজ্ব আতিকুর রহমান নান্নু মুন্সী পুনরায় ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদান করেছেন। তার এই যোগদানে সামাজিক যোগাযোগমাধ্যমে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। তারা তাকে শুভেচ্ছা, অভিনন্দন ও স্বাগত জানিয়েছেন।
আতিকুর রহমান নান্নু মুন্সী দীর্ঘদিন ধরে ইসলামী মূল্যবোধভিত্তিক রাজনীতি ও সামাজিক আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত।
তিনি বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এবং নারায়ণগঞ্জ জেলা আমীর হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি তিনি অনৈসলামিক কার্যকলাপ প্রতিরোধ কমিটির আমীর হিসেবেও দায়িত্ব পালন করে আসছেন।
তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন ভণ্ড ও ইসলামবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি এবং আন্দোলন-সংগ্রাম পরিচালনা করেছেন। এছাড়াও ফিলিস্তিনসহ বিশ্বের বিভিন্ন মুসলিম রাষ্ট্র ও জনগণের ওপর হামলা, নির্যাতন ও আগ্রাসনের প্রতিবাদে বিভিন্ন কর্মসূচিতে সক্রিয় ভূমিকা পালন করেছেন।
রাজনৈতিক জীবনের শুরুতে তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। পরবর্তীতে বাংলাদেশ খেলাফত আন্দোলনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করলেও আদর্শিক সম্পর্ক বজায় রেখেছেন।
সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে তিনি নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ) আসনে বাংলাদেশ খেলাফত আন্দোলনের ‘বটগাছ’ প্রতীক নিয়ে নির্বাচন করেন।
কোরআন-সুন্নাহভিত্তিক সমাজ ও রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে আসছেন।
এ বিষয়ে আলহাজ্ব আতিকুর রহমান নান্নু মুন্সী বলেন, “ইসলামী আন্দোলন বাংলাদেশের রাজনীতির মাধ্যমেই আমার রাজনৈতিক পথচলা শুরু হয়েছিল। ইসলামী মূল্যবোধ, ন্যায়ভিত্তিক সমাজ গঠন এবং দেশ ও জনগণের কল্যাণে কাজ করার যে আদর্শ আমি ধারণ করি, তা ইসলামী আন্দোলনের মধ্যেই সবচেয়ে সুস্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে। দলের শীর্ষ নেতৃত্ব থেকে শুরু করে তৃণমূলের নেতাকর্মীদের আন্তরিক আহ্বান, ভালোবাসা ও প্রত্যাশার প্রতি সম্মান জানিয়ে আমি পুনরায় ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদান করেছি। ইনশাআল্লাহ, কোরআন-সুন্নাহর আলোকে একটি ন্যায়ভিত্তিক, কল্যাণমুখী ও দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে আমি অতীতের মতোই নিষ্ঠার সঙ্গে কাজ করে যাব।”
তিনি আরও বলেন, “ব্যক্তিগত স্বার্থ নয়, বরং ইসলামের আদর্শ ও দেশের মানুষের কল্যাণে কাজ করাই আমার মূল লক্ষ্য। সকলের দোয়া, সহযোগিতা ও পরামর্শ কামনা করছি।”

























