দুর্গাপূজার নিরাপত্তায় কোনো ঘাটতি নেই: চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি
- আপডেট সময় : ১০:৪৪:০৩ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
- / ২২

মতলব (চাঁদপুর) প্রতিনিধি:
দুর্গাপূজা ঘিরে সার্বিক নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। পূজা উদ্যাপনে কোনো ধরনের নিরাপত্তা শঙ্কা নেই বলে জানিয়েছেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আব্দুল কুদ্দুছ চৌধুরী। শুক্রবার রাতে চাঁদপুর শহরের শ্রীশ্রী কালীবাড়ি মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
ডিআইজি বলেন, দুর্গাপূজা নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ করতে পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), আনসার সদস্য ও মোবাইল টিম দায়িত্ব পালন করছে। পাশাপাশি বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরাও নিরাপত্তা নিশ্চিতে কাজ করছেন।
তিনি আরও বলেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে বেশ কিছুদিন আগে থেকেই প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। মাদকবিরোধী অভিযান, কিশোর অপরাধ দমন এবং সড়কে চুরি-ছিনতাই প্রতিরোধেও পুলিশ কাজ করেছে। উৎসব চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।
এ সময় চাঁদপুরের পুলিশ সুপার মো. মিজানুর রহমান, জেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ এবং চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী উপস্থিত ছিলেন।



















