চেয়ারম্যান প্রার্থী বিএম ডালিম এর ফেস্টুন ছেঁড়ার অভিযোগ
- আপডেট সময় : ০৫:০৭:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
- / ৩০

প্রতিদিনের নিউজ:
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী বিএম ডালিমের ডিজিটাল ব্যানার, ফেস্টুন ও পোস্টার পরিকল্পিতভাবে ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। সর্বশেষ সোমবার (১০ আগস্ট) রাতে ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের কালিয়াভিটা এলাকায় তার একটি ফেস্টুন ছিঁড়ে ফেলা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।
এ ঘটনায় মঙ্গলবার (১১ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বক্তব্যে বিএম ডালিম ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেন। তিনি অভিযোগ করেন, নিয়মিত পরিকল্পিতভাবে তার প্রচারসামগ্রী ছিঁড়ে ফেলা হচ্ছে। একটি মহল এলাকায় অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে বলেও দাবি করেন তিনি।
বিএম ডালিম বলেন, ‘আমি ভারাক্রান্ত হৃদয়ে বলছি, আমার ফেস্টুন, ব্যানার ও পোস্টার নিয়মিত পরিকল্পিতভাবে ছিঁড়ে ফেলা হচ্ছে। সোমবার রাতেও কালিয়াভিটায় ফেস্টুন ছিঁড়ে ফেলা হয়েছে। কাঁচপুর ইউনিয়নবাসীর কাছে আমি এর বিচার চাই।’
তিনি আরও বলেন, গণতান্ত্রিক পরিবেশ বজায় রেখে নির্বাচনে অংশ নেওয়া উচিত। প্রতিহিংসা, দ্বন্দ্ব, কলহ ও বিবাদে না জড়িয়ে শান্তিপূর্ণভাবে নির্বাচনী কার্যক্রম পরিচালনার আহ্বান জানান তিনি।
বিএম ডালিম বলেন, ‘এটাই কি গণতন্ত্র? এটাই কি নির্বাচন? এভাবে তো চলতে পারে না।’ একই সঙ্গে ষড়যন্ত্রকারী ও কুচক্রী মহলকে প্রতিহত করতে কাঁচপুরবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
এদিকে, ফেস্টুন ছেঁড়ার ঘটনায় স্থানীয় রাজনৈতিক ও সাধারণ মানুষের মধ্যে নানা আলোচনা চলছে। তবে কারা এসব প্রচারসামগ্রী ছিঁড়েছে, সে বিষয়ে কোনো নির্দিষ্ট ব্যক্তির বিরুদ্ধে এখনো প্রমাণিত তথ্য পাওয়া যায়নি।
স্থানীয়রা বলছেন, নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের উত্তেজনা বা সংঘাত সৃষ্টি না করে রাজনৈতিক দল ও প্রার্থীদের পারস্পরিক সহনশীলতা বজায় রাখা জরুরি। একই সঙ্গে প্রচারসামগ্রী নষ্ট করার ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।



















