সিদ্ধিরগঞ্জে পানিতে ডুবে কিশোরের মৃত্যু
- আপডেট সময় : ০৬:১০:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
- / ২৯

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পুকুরে হাত-মুখ ধুতে গিয়ে পানিতে ডুবে ফজলে রাব্বি (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
গত সোমবার (২৭ জুলাই) রাতে সিদ্ধিরগঞ্জ থানাধীন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৬ নম্বর ওয়ার্ডের এস.ও রোড এলাকার উদয়ন স্মৃতি ঈদগাহ মাঠ সংলগ্ন একটি পুকুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফজলে রাব্বি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার হাজীপুর এলাকার মো. শহিদুল ইসলামের ছেলে। তিনি পরিবারের সঙ্গে সিদ্ধিরগঞ্জের সুমিলপাড়া এলাকায় বসবাস করতেন এবং পেশায় একটি তেলের লরির হেলপার ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে কাজের ফাঁকে ফজলে রাব্বি পুকুরঘাটে হাত-মুখ ধুতে যান। এ সময় অসাবধানতাবশত তিনি পুকুরে পড়ে গিয়ে ডুবে যান। দীর্ঘ সময় পার হলেও তিনি ফিরে না আসায় সহকর্মী ও পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরের পানির নিচ থেকে তাঁকে উদ্ধার করে নারায়ণগঞ্জের ৩ শত শয্যাবিশিষ্ট হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এস.আই) মো. আতিকুর রহমান জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।


















