এনসিপি থেকে পদত্যাগ করলেন ছেংগারচর পৌরসভার আহ্বায়ক
- আপডেট সময় : ০৫:৪২:০৫ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬
- / ২৪

মতলব (চাঁদপুর) প্রতিনিধি:
পারিবারিক সমস্যার কারণ দেখিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌর শাখার আহ্বায়ক পদ থেকে পদত্যাগ করেছেন মো. জাহাঙ্গীর আলম অজয়।
গত রোববার (৪ অক্টোবর) চাঁদপুর জেলা এনসিপির আহ্বায়ক মো. মাহবুব আলমের কাছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে পদত্যাগপত্র পাঠিয়ে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।
পদত্যাগপত্রে জাহাঙ্গীর আলম অজয় উল্লেখ করেন, অনিবার্য পারিবারিক কারণে বর্তমানে তার পক্ষে সাংগঠনিক দায়িত্ব যথাযথভাবে পালন করা সম্ভব হচ্ছে না। দলের প্রতি তার আন্তরিকতা, শ্রদ্ধা ও ভালোবাসা আগের মতোই অটুট রয়েছে বলেও জানান তিনি।
পদত্যাগপত্রে আরও বলা হয়, বর্তমান পারিবারিক পরিস্থিতির কারণে দায়িত্ব পালনে কোনো ধরনের ব্যাঘাত বা সাংগঠনিক অসুবিধা সৃষ্টি হোক এটি তিনি চান না। দলের বৃহত্তর স্বার্থ ও সাংগঠনিক কার্যক্রমের ধারাবাহিকতা বিবেচনায় স্বেচ্ছায় ছেংগারচর পৌর শাখার আহ্বায়ক পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
তবে পদত্যাগের কারণ সম্পর্কে জাহাঙ্গীর আলম অজয় বলেন, পারিবারিক সমস্যার কারণে আমি পদত্যাগ করেছি। গণঅভ্যুত্থানের মাধ্যমে সরকার পতন হয়েছে। কিন্তু রাজনৈতিক সংস্কৃতি আগের মতোই রয়েছে। আমরা রাজনীতি করলে এর প্রভাব আমাদের সন্তানদের ওপর পড়ে। যারা ক্ষমতায় থাকে না, তাদের সন্তানদের চাকরির ক্ষেত্রেও মারাত্মকভাবে প্রভাব পড়তে পারে। আমি চাই না, আমার রাজনীতির কারণে আমার সন্তানদের ভবিষ্যৎ অন্ধকার হোক।
এদিকে জাহাঙ্গীর আলম অজয়ের পদত্যাগের বিষয়ে চাঁদপুর জেলা এনসিপির আহ্বায়ক মো. মাহবুব আলম বলেন, তিনি আমাকে পদত্যাগপত্রটি হোয়াটসঅ্যাপে পাঠিয়েছেন। এরপর থেকে আমি তাকে ফোনে পাচ্ছি না। হোয়াটসঅ্যাপে পদত্যাগপত্র পাঠানোর প্রায় দুই ঘণ্টা আগেও তার সঙ্গে আমার যোগাযোগ হয়েছিল। তখন তিনি আমাকে এ বিষয়ে কিছু জানাননি। পরবর্তীতে দেখি, তিনি ফেসবুকে এ বিষয়ে পোস্ট করেছেন।


















