মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি:
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সুলতানাবাদ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে গণসংযোগ জোরদার করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জসীম উদ্দিন হল ছাত্রদল শাখার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম মামুন। ইউনিয়নের বিভিন্ন গ্রামে নিয়মিত মতবিনিময়, সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ এবং স্থানীয় মানুষের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখায় তাকে ঘিরে তৃণমূলে আলোচনা বাড়ছে বলে স্থানীয়দের একাংশের অভিমত।
সম্প্রতি বিভিন্ন মসজিদে জুমার নামাজ শেষে মিলাদ, দোয়া এবং সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় সভায় অংশ নিয়ে তিনি এলাকাবাসীর দোয়া ও সমর্থন কামনা করেন। সেখানে শিক্ষার উন্নয়ন, মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠন এবং ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে সমান উন্নয়নের প্রতিশ্রুতি দেন।
স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, দীর্ঘদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাজনীতির সঙ্গে যুক্ত থাকার পাশাপাশি নিজ এলাকায় বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অংশ নেওয়ার কারণে জাহাঙ্গীর আলম মামুনকে নতুন প্রজন্মের একটি অংশ ইতিবাচকভাবে দেখছে। তবে নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে ইউনিয়নে একাধিক সম্ভাব্য প্রার্থীও মাঠে সক্রিয় রয়েছেন।
স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থীদের গণসংযোগে সুলতানাবাদে নির্বাচনী আমেজ তৈরি হতে শুরু করেছে। সেই দৌড়ে জাহাঙ্গীর আলম মামুনও নিজের অবস্থান শক্ত করতে ধারাবাহিকভাবে তৃণমূল পর্যায়ে যোগাযোগ বাড়িয়ে চলেছেন।
চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর আলম মামুন বলেন, “আমি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর নয়, পুরো সুলতানাবাদ ইউনিয়নের মানুষের প্রতিনিধি হতে চাই। নির্বাচিত হলে শিক্ষা, অবকাঠামো উন্নয়ন, যুবসমাজকে কর্মমুখী করা এবং মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করব।”