মোটরসাইকেল দুর্ঘটনায় আহত সাংবাদিক জাকির হোসেন বাদশার সুস্থতা কামনায় দোয়া প্রার্থনা
- আপডেট সময় : ০৫:৪৫:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬
- / ২৬

মতলব উত্তর প্রতিনিধি:
চাঁদপুরের মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও সাংবাদিক জাকির হোসেন বাদশা মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়ে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। তিনি দ্রুত সুস্থতার জন্য সহকর্মী, শুভানুধ্যায়ী ও এলাকাবাসীর কাছে দোয়া কামনা করেছেন।
জানা যায়, গত ৩ মে ফরাজিকান্দী মাদ্রাসার বার্ষিক ওরশ শরিফের অনুষ্ঠান কভারেজ শেষে বাড়ি ফেরার পথে ফরাজিকান্দী সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় তার ডান পায়ের গোড়ালির একটি হাড় ভেঙে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হন।
আহত সাংবাদিক জাকির হোসেন বাদশা চাঁদপুরের মতলব উত্তর উপজেলার কলাকান্দা ইউনিয়নের লতরদী গ্রামের বীর মুক্তিযোদ্ধা মো. মনির হোসেনের ছেলে। তিনি বর্তমানে জাতীয় দৈনিক বাংলাদেশের আলো ও স্থানীয় দৈনিক চাঁদপুর সংবাদ পত্রিকায় কর্মরত রয়েছেন।
দুর্ঘটনার বর্ণনা দিয়ে সাংবাদিক জাকির হোসেন বাদশা বলেন, ফরাজীকান্দী মাদ্রাসার বার্ষিক ওরশ শরিফের নিউজ কভারেজ শেষ করে সহকর্মী সাংবাদিক মো. তুহিন ফয়েজের মোটরসাইকেলে বাড়ি ফিরছিলাম। পথিমধ্যে হঠাৎ এক বয়স্ক নারী রাস্তার সামনে চলে আসলে তাকে রক্ষা করতে মোটরসাইকেলের ব্রেক চাপ দেওয়া হয়। এতে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে আমার পায়ের ওপর পড়ে যায়। ফলে আমার ডান পায়ের গোড়ালির একটি হাড় ভেঙে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত পাই।
তিনি আরও বলেন, দুর্ঘটনার পর আমার সহকর্মী বন্ধুরা আমাকে উদ্ধার করে ছেংগারচর বাজারস্থ বাড়িয়া হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে আমি বাড়িতে ফিরে আসি এবং বর্তমানে চিকিৎসাধীন রয়েছি।
সাংবাদিক জাকির হোসেন বাদশা তার খোঁজখবর নেওয়ায় সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে দ্রুত সুস্থতার জন্য সকলের কাছে দোয়া কামনা করেন।

























